‘যুক্তরাজ্যে দ্বিতীয় নির্বাচন ডাকা সহজ হবে না’
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফল অমীমাংসিত রয়ে গেলে দ্বিতীয় আরেকটি নির্বাচনের প্রয়োজন পড়তে পারে বলে সতর্ক করেছেন উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ। কিন্তু সঙ্কট কাটাতে এ নির্বাচন ডাকাও সহজ হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
কারণ, ২০১১ সালে নির্বাচন বিষয়ক নতুন একটি আইন হয়। ওই আইন অনুযায়ী, আগাম নির্বাচনের ডাক দেয়া এখন বেশ কঠিন। সেইসঙ্গে এটিও নিশ্চিত নয় যে, দ্বিতীয়বারের নির্বাচনী ফলে সরকার গঠন বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
নির্বাচনের একদিন আগে প্রকাশিত মতামত জরিপেও দেখা গেছে, প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ ও লেবার পার্টির মধ্যে হাড্ডহাড্ডি লড়াই হবে।
সেক্ষেত্রে প্রধান দুইদল হাউজ অব কমন্সের অধিকাংশ আসন পেলেও সরকার গঠনের জন্য ছোট দলগুলার সঙ্গে জোট বাঁধতে হতে পারে অথবা সংখ্যালঘু সরকার গঠন করতে হবে।
২০১০ সালের নির্বাচনেও কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেবার লিবারাল ডেমক্রেট পার্টির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি।
লিবারাল ডেমক্রেট পার্টির নেতা নিক ক্লেগ এবারও বড় দলের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় যেতে আগ্রহী।
যদি বড় দল দুইটি সংখ্যালঘু সরকার গঠন করে তবে বড়দিনের আগেই দ্বিতীয়বার নির্বাচনের মুখোমুখি হতে হবে বলে মঙ্গলবার হুঁশিয়ারি উচ্চারণ করেন ক্লেগ।
কিন্তু দ্বিতীয়বার নির্বাচন অনুষ্ঠিত হলেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন না যুক্তরাজ্যের রাজনৈতিক গবেষণা পর্ষদের পরিচালক রুথ ফক্স।
তিনি বলেন, ফিক্সড-টার্ম পার্লামেন্টস অ্যাক্ট ২০১১ অনুযায়ী আগের তুলনায় এখন আগাম নির্বাচনের ডাক দেয়া কঠিন হয়ে গেছে। কারণ, সেক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী নিজের ইচ্ছা অনুযায়ী সময়ে সংসদ ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের ডাক দেয়ার ক্ষমতা পাবেন। এটি দেশের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়াবে বলে মনে করেন ফক্স।
২০১১ সালের আইন অনুযায়ী, আগাম নির্বাচনের প্রস্তাব পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ ভোটে পাশ হতে হবে। আর তা তখনই সম্ভব যখন ক্ষমতাসীন দলের নির্দিষ্ট সংখ্যক এমপি দলের বিপক্ষে মত দেবে।
আগাম নির্বাচনের অন্য একটি উপায় হতে পারে সরকারের প্রতি অনাস্থা। সেক্ষেত্রে পার্লামেন্টে প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ হলেই চলবে। প্রস্তাব পাশ হলে নতুন করে সরকার গঠনের জন্য ১৪ দিন সময় দেয়া হবে। ওই সময় পেরিয়ে গেলে নতুন করে নির্বাচনের ডাক দেয়া যাবে।
এসব প্রতিবন্ধকতার কারণে দলগুলো প্রয়োজনে জোট সরকার গঠনেই বেশি আগ্রহী হবে বলে ধারণা করা হচ্ছে।
