নেপালের পার্বত্য গ্রামে ১০০ মৃতদেহ
গত মাসের ভয়াবহ ভূমিকম্পের পর সৃষ্ট তুষারধসে চাপা পড়া একটি গ্রাম থেকে ১০০টি মৃতদেহ উদ্ধার করেছেন নেপালি পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।
শনি ও রোববার কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার দূরের লাংটাং নামের একটি গ্রাম থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়।
তুষার ও বরফ খুঁড়ে গ্রামবাসী ও পবর্তারোহীদের এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
এখানে আরও মৃতদেহ থাকতে পারে এবং তুষার খুঁড়ে সেসব মৃতদেহের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তারা।
জেলার জ্যেষ্ঠ কর্মকর্তা উদ্ধব ভট্টরাই রোববার টেলিফোনে জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এর আগে গ্রামটিতে যেতে পারেননি তারা।
পুরো গ্রামটি ছয় ফুট তুষারে নীচে চাপা পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এখানে পবর্তারোহীদের জন্য ৫৫টি অতিথিশালা ছিল। এই গ্রামের পর্বতারোহণের পথটি পশ্চিমা পর্বতারোহীদের প্রিয় ছিল।
স্থানীয় জেলার সহকারী প্রধান কর্মকর্তা গৌতম রিমাল জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত সাতজন বিদেশি। তবে এদের মধ্যে মাত্র দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
তুষারধসের সময় লাংটাংয়ে কতোজন মানুষ ছিলেন তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ, তবে তুষারের নীচে আরও ১২০টি মৃতদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করছেন কয়েকজন কর্মকর্তা।
২৫ এপ্রিলের ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে এ পর্যন্ত ৭,২৭৬ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সরকার, আহত হয়েছেন আরও ১৪ হাজার ৩০০।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান ও সদস্যরা রোববার নেপালে পৌঁছেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা। তারা কাঠমান্ডুর বাইরে উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতায় সহায়তা করতে শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।
একই দিন নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, রানওয়ের ক্ষতি হতে পারে আশঙ্কায় রোববার কাঠমান্ডু বিমান বন্দরে বড় ধরনের কার্গো বিমান নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল সরকার।
জাতিসংঘের হিসাবে, ভয়াবহ এই ভূমিকম্পে দেশটির দুই কোটি ৮০ লাখ মানুষের মধ্যে ৮০ লাখ সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছেন। এদের মধ্যে অন্তত ২০ লাখ মানুষের আগামী তিন মাসের জন্য জরুরিভিত্তিতে তাঁবু, পানি, খাবার ও ওষুধ দরকার।
