থাই পাচারশিবিরের কাছে ৩০ টি কবরের সন্ধান
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত জঙ্গলে পরিত্যাক্ত পাচারশিবিরে অন্তত ৩০ টি কবরের সন্ধান পেয়েছে পুলিশ।
এ কবরগুলো মিয়ানমার এবং বাংলাদেশী অভিবাসীদের বলেই মনে করা হচ্ছে। থাই পুলিশ শুক্রবার একথা জানিয়েছে।
অবৈধ এসব অভিবাসীদের বেশির ভাগই পশ্চিম মিয়ানমার এবং বাংলাদেশের রোহিঙ্গা মুসলিম যারা ধর্মীয় ও জাতিগত সহিংসতা থেকে বাঁচতে সাগরপথে জীবনের ঝুঁকি নিয়ে কাজের আশায় মালয়েশিয়া এবং থাইল্যান্ডে পাড়ি জমায়। আর এ অঞ্চলটিই মানব পাচারের সবচেয়ে মোক্ষম জায়গা।
টেলিফোনে এক সাক্ষাৎকারে অনুচোন বলেন, চিহ্ন দেয়া অন্তত ৩০ টা কবর পাওয়া গেছে। আজ ৪ টা দেহ খুঁড়ে তুলেছি এবং আরো দেহ খুঁড়ে তোলা হবে। থাইল্যান্ডে এতগুলো কবরের সন্ধান এটাই প্রথম। কবরের পাশাপাশি খোলা পড়ে থাকা দুটো পচে যাওয়া দেহও পাওয়া গেছে বলে জানান তিনি।
তাছাড়া, পরিত্যাক্ত শিবিরটিতে একজনকে জীবিতও পাওয়া গেছে এবং তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে খবরে।
