নেপালের জন্য ৪১ কোটি ডলার চেয়েছে জাতিসংঘ
ভয়াবহ ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া লাখ লাখ নেপালিকে ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ থেকে রক্ষার জন্য ত্রাণ তৎপরতা জোরদার করা দরকার বলে জানিয়েছে জাতিসংঘ।
বুধবার বিশ্ব সংস্থাটি ভূমিকম্প বিধ্বস্ত নেপালের জন্য ৪১ কোটি ৫০ হাজার ডলার সহায়তা দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছে।
অপরদিকে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া নেপালিরা ত্রাণ সরবরাহের ধীরগতিতে ক্রমেই অধৈর্য হয়ে পড়ছেন।
শনিবার ৭ দশমিক ৮ মাত্রার প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় নেপাল। এতে রাজধানী কাঠমান্ডুর হাজার হাজার ঘরবাড়ি ধসে পড়ে, আর পর্বতময় দেশটির প্রত্যন্ত এলাকার ক্ষয়ক্ষতির চিত্র ঘটনার পাঁচদিন পরও পুরোপুরি উন্মোচিত হয়নি।
বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে বলে জানা গেছে, আর আরও অন্তত ১০ হাজার ১৯৪ জন আহত হয়েছেন। গত ৮০ বছরের মধ্যে এটি নেপালে সংঘটিত সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।
জাতিসংঘের হিসাব মতে, ভূমিকম্পে দেশটির ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্যে অন্তত ২০ লাখ মানুষের আগামী তিন মাসের জন্য জরুরি ভিত্তিতে তাঁবু, পানি, খাবার ও ওষুধ দরকার বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি।
“এসব ত্রাণ দেওয়া কখন শুরু করা যাবে তাই এখন মূল বিষয়,” বুধবার এক বিবৃতিতে বলেছেন নেপালে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী জ্যামি ম্যাকগোল্ডরিক।
“এখন পর্যন্ত যে পরিমাণ সাড়া পাওয়া গেছে তাতে আমি আশাবাদী, এই উদ্যোগ অব্যাহত রাখতে হবে এবং ক্ষতিগ্রস্ত সবার কাছে প্রয়োজনীয় উপকরণগুলো পৌঁছে দেওয়ার জন্য তৎপরতা জোরদার করতে হবে, বিশেষভাবে যারা প্রত্যন্ত এলাকাগুলোতে আছে তাদের কাছে,” বলেন তিনি।
ভূমিকম্পের চারদিন পরও ক্ষতিগ্রস্তদের কাছে প্রয়োজনীয় ত্রাণ না পৌঁছানোতে দুর্গতদের ক্রমবর্ধমান ক্ষোভের মুখে এই আবেদন জানিয়েছেন ম্যাকগোল্ডরিক।
জাতিসংঘের হিসাব মতে, নেপালের ৭৫টি জেলার মধ্যে ৩৯টি জেলার ৭০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং আরও পাঁচ লাখ ৩০ হাজার ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে লাখ লাখ মানুষ ঠাণ্ডা ও বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে কোনোরকমভাবে তৈরি করা আশ্রয়কেন্দ্রে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
জাতিসংঘ জানিয়েছে, পাঁচ লাখ মানুষের জন্য ত্রিপল ও তাঁবুর আশ্রয়স্থলের ব্যবস্থা করতে, ১৪ লাখ মানুষের খাবার জোগাতে ও ৪২ লাখ মানুষের জন্য নিরাপদ খাবার পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করতে ৪১ কোটি ৫০ হাজার ডলার প্রয়োজন।
জাতিসংঘের অর্থ সরবরাহ তদারকি বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে বুধবার পর্যন্ত বিদেশি সরকার ও ত্রাণ সংস্থাগুলো ৪৮ দশমিক ২৫ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এসব প্রতিশ্রুতির মধ্যে মাত্র ২২ দশমিক দুই মিলিয়ন ডলারের ত্রাণ সরবরাহ করা হয়েছে।
বুধবার কাঠমান্ডুতে প্রায় ২০০ লোক পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ দেখিয়েছে। তারা ত্রাণ বিতরণে গড়িমসিতে ক্ষোভ প্রকাশ করেছে ও তাদের নিজ নিজ গ্রামে যাওয়ার জন্য প্রয়োজনীয় যান দাবি করেছে।
এদিন কাঠমান্ডু থেকে সড়ক পথে তিন ঘণ্টার দূরের গ্রাম সাঙ্গাচকের একদল উত্তেজিত জনতা ত্রাণবাহী ট্রাক আটকাতে সড়ক অবরোধ করেছিল।
