২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মৃত ৫ হাজার ছাড়িয়েছে, ১৬শ’ পর্যটক উদ্ধার

নেপালে গত ২৫ এপ্রিলের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। সিন্ধুপালচোকে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। এ সংখ্যা ১,৪০০ বলে জানিয়েছে সরকার।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 07:43 PM

Updated : 26 Jul 2022, 11:59 AM

স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৬ জনের মৃত্যু রেকর্ড করেছে বলে জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে কাজ করে যাওয়া ‘দ্য ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার’ বলেছে, ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প এবং তৎপরবর্তী পরাঘাতগুলোতে ১০ হাজার ২২৪ জন আহত হয়েছে।

রাজধানী কাঠমান্ডুতে ১ হাজার ০৩৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, বখতপুরে ২৫০ এবং ললিতপুরে নিহত হয়েছে ১৫৯ জন।

এরই মধ্যে নেপালের সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের যৌথ উদ্ধাকারী দল মানাঙ এবং মুসতাঙ থেকে ১ হাজার ৬০০ পর্যটককে উদ্ধার করে পোখরায় নিয়ে গেছে।

ভূমিকম্পে নেপালে নিহত হয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ১০ পর্যটক। কাঠমান্ডুতে নিহত হয়েছে ৪ পর্যটক, সলুখুম্বুতে ৫ জন এবং মাকাওয়ানপুরে নিহত হয়েছে ১ পর্যটক।

সিন্ধুপালচোক, কাঠমান্ডু, নুয়াকোট, ধাদিং, বখতপুর, ললিতপুর, কাভরিপালানচোক, গোরখা এবং রাসুয়াতে পুরোদমে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে সরকার।

ভারত, শ্রীলঙ্কা, চীন,, তুরস্ক, নেদারল্যান্ডস, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইসরায়েল, মালয়েশিয়া এবং জাপানের উদ্ধারকারীদল কাঠমান্ডুর বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছে।

সিন্ধুপালচোকে নেমেছে যুক্তরাজ্যের উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্ত অন্যান্য বহু জায়গায় কাজ করছে ৯ টি বিদেশি কিৎসকদল। শ্রীলঙ্কার উদ্ধারকারী দল বালাজু এলাকায় এক যুবককে জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।