২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান

ইয়েমেনের জন্য একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে ইরান। একইসঙ্গে দেশটির হুতি বিদ্রোহীদের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 11:39 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

কিন্তু ইরানের এ আহ্বানে রিয়াদ শীতল প্রতিক্রিয়া দেখাবে বলেই মনে করা হচ্ছে।

ইয়েমেনের রণক্ষেত্রে পলাতক প্রেসিডেন্ট আব্দু-রাব্বু মনসুর হাদির অনুগত মিলিশিয়ারা বলেছে, তারা হুতি বিদ্রোহীদেরকে দক্ষিণ ইয়েমেনের কয়েকটি জায়গা থেকে পিছু হটিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে বন্দরনগরী এডেনও।

তুমুল লড়াইয়ের পর এডেনের খোর মাকসার থেকে সরে গেছে হুতিরা। গুরুত্বপূর্ণ এ শহরটি থেকে হুতিদের সরিয়ে দিতে ২৫ মার্চ থেকে তাদের ওপর বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব ও এর সুন্নি আরব মিত্র দেশগুলো।

ইরান লড়াইয়ে হুতিদেরকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে দেশটি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ মঙ্গলবার মাদ্রিদে এক বক্তব্যে ইয়েমেনে যুদ্ধবিরতি, মানবিক ত্রাণ সহায়তা, বিবাদমান ইয়েমেনি দলগুলোর মধ্যে আলোচনা এবং সবার অংশগ্রহণভিত্তিক সরকার প্রতিষ্ঠার প্রস্তাবসহ একটি শান্তি পরিকল্পনা পেশ করেছেন।

জারিফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, “এ বিষয়টি ইয়েমেনিদেরকেই সমাধা করতে হবে। ইরান এবং সৌদি আরবের আলোচনায় বসা প্রয়োজন। কিন্তু আমরা ইয়েমেনের ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে আলোচনা করতে পারি না।”

তিনি আরো বলেন, “বিমান হামলা চালিয়ে সমস্যার সমাধান হবে না। আকাশে এবং স্থলভাগে সব ধরনের অভিযান বন্ধ হওয়া উচিত।” এর আগে সোমবার জারিফ ইয়েমেনে নতুন সরকার গড়ার ডাক দেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের সহায়তা করারও প্রস্তাব দেন।

কিন্তু ইরানের প্রস্তাবে সৌদি আরব সন্তুষ্ট হবে না বলেই মনে করা হচ্ছে। সৌদি আরব ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট হাদি ও তার নির্বাসিত সরকারকে হুতিদের কাছ থেকে সুরক্ষায় কাজ করছে বলেই জানিয়ে এসেছে।