২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান চুক্তি নিয়ে দলাদলি মাত্রা ছাড়িয়েছে: ওবামা

ইরানের পারমাণবিক চুক্তি ও অন্যান্য বৈদেশিক নীতি নিয়ে দলাদলি মাত্রা ছাড়িয়ে গেছে বলে কংগ্রেসের রিপাবলিকানদের তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 10:09 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

পানামা সম্মেলন শেষে এক সাংবাদিক সম্মেলনে ইরান চুক্তি নিয়ে মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটরের মনোভাবের সমালোচনা করে তিনি বলেন, “এটি বন্ধ হওয়া উচিত”।

ইরান চুক্তির তীব্র সমালোচনার জন্য অ্যারিজোনার রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনের মতো রিপাবলিকান সিনেটরদের ভর্ৎসনা করে উত্তেজিত কন্ঠে ওবামা বলেন, দলাদলি কি হারে সব সীমা পার করে গেছে ম্যাককেইনের মনোভাবে তারই লক্ষণ ফুটে উঠেছে।

সমালোচনায় ম্যাককেইন বলেছিলেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির যে ব্যাখ্যা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দিয়েছেন তা খোদ ইরানের সর্বোচ্চ নেতার ব্যাখ্যার চেয়েও কম বিশ্বাসযোগ্য। চুক্তির মার্কিন ও ইরানি সংস্করণে অসামঞ্জস্য আছে বলে মন্তব্য করেন তিনি। ফলে চুক্তিটি আরো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পক্ষে মত দেন ম্যাককেইন।

আটদিনের ম্যারাথন আলোচনার পর সুইজারল্যান্ডে এপ্রিলের শুরুতে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে একটি খসড়া চুক্তিতে পৌছায় বিশ্বের ছয় শক্তিধর দেশ।

চুক্তির লক্ষ্য হচ্ছে, নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে বিরত রাখা। খসড়া চুক্তিটি ৩০ জুনেই পাকাপোক্ত করার দিন নির্ধারণ করা হয়েছে।

এ চুক্তিতে ইরান খুব বেশি ছাড় পেয়েছে বলে চুক্তিটির বিপক্ষে মত দিয়েছেন কিছু রিপাবলিকান নেতা। তবে ওবামা চুক্তিটিকে পুরোপুরি ইতিবাচক বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, এ চুক্তির মধ্য দিয়ে ইরানকে নিশ্চিতভাবেই পরমাণু অস্ত্র বানানো থেকে নিবৃত্ত করা যাবে।

কিন্তু ওবামা বলেন, বিষয়টি নিয়ে দলীয় কোন্দল এতদূর গড়িয়েছে যে, বৈদেশিক নীতি পরিচালনার আর কোনো পথ পাওয়া যাচ্ছে না।