২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরক্কোয় বাস-লরি সংঘর্ষে নিহত ৩৩

দক্ষিণ মরক্কোতে স্কুলের শিশুদের বহনকারী বাসের সঙ্গে একটি গ্যাস ট্যাঙ্কারের (লরি) মুখোমুখি সংঘর্ষে ৩৩ জন নিহত হয়েছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 02:08 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

নিহতদের অধিকাংশই স্কুলের শিশু শিক্ষার্থী বলে জানা গেছে।
 
শুক্রবার সকালে একটি খেলাধুলা প্রতিযোগিতা থেকে ফেরার সময় এ শোচনীয় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। 

দক্ষিণাঞ্চলীয় চবিকা জেলার তান-তান শহরের কাছের এ দুর্ঘটনায় বাসটিতে বিস্ফোরণসহ আগুন ধরে গেলে বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩১ জন নিহত হন।
 
গুরুতর আহত নয়জনকে হাসপাতালে নেয়া হলে পরে তাদের মধ্যে আর দুজন মারা যান। 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শিশু শিক্ষার্থীরা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে কোচদের সঙ্গে বাড়ি ফিরছিল।  রাজধানী রাবাত থেকে তারা পশ্চিম সাহারার লায়োনে ফিরছিল বলে কয়েকটি প্রতিবেদনে জানানো হয়েছে।  বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, “আমরা ঘুমিয়ে ছিলাম, অধিকাংশই ঘুমিয়ে ছিল। আমরা বিস্ফোরণের শব্দ শুনলাম, সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।”  স্থানীয় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হতাহতদের অধিকাংশই আট থেকে ১৪ বছরের শিশু।  মরক্কোর প্রখ্যাত অ্যাথলেট হাসান ইসেনগার দুর্ঘটনা কবলিত বাসটিতে ছিলেন, তিনিও মারা গেছেন।  নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ঘোষণা করেছেন, নিহত সবার দাফন-কাফনের খরচ ও আহতদের চিকিৎসার সব খরচ তিনি বহন করবেন।