২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে মুক্তির পথে কিউবা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ সন্ত্রাসী দেশের তালিকা থেকে কিউবার নাম বাদ দেয়ার সুপারিশ করেছে ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 06:56 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

এ সুপারিশের পর খুব শিগগিরই যে কোনো সময় সন্ত্রাসী তালিকা থেকে মুক্তি পেতে পারে কিউবা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পররাষ্ট্রবিভাগ তাদের পর্যালোচনা শেষ করেছে। তবে এখন তিনি তার নিজ উপদেষ্টাদের কাছ থেকে সুপারিশের অপেক্ষায় আছেন।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী দেশের তালিকা থেকে কিউবা মুক্ত হলে হাভানার সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পথে বড় ধরনের একটি বাধা দূর হবে। কিউবায় যুক্তরাষ্ট্রের দূতাবাস নতুন করে খোলার পথ সুগম হবে। গত ৫৪ বছর ধরে যা বন্ধ আছে।

যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে অনেক বছরের শত্রুতার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে গত বছর থেকে।

ইতিমধ্যে দুদেশের মধ্যে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। কিউবার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দি বিনিময়ও হয়েছে। এবার কিউবা সন্ত্রাসী তালিকা থেকে মুক্ত হতে চলেছে। ১৯৮২ সালে কিউবাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র।

ওবামা বলেছেন, “পররাষ্ট্রবিভাগের পর্যালোচনা পর বিষয়টি এখন হোয়াইট হাউজের পর্যালোচনাধীনে আছে। এ প্রক্রিয়া শেষে একটি সুপারিশ আমার কাছে আসবে। সেটি এখনো আসেনি।” ওবামা কিউবাকে এ তালিকা থেকে মুক্ত করবেন বলে আগেই জানিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র-কিউবা  গত ডিসেম্বরে নতুন করে সম্পর্ক পুনর্প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এরপর দুই দেশের কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। আর সর্বশেষ দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে শুক্রবার।

বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রডরিগুয়েজ। ৫০ বছরেরও বেশি সময় পর দেশ দুটির মধ্যে এরকম উচ্চ পর্যায়ে বৈঠক হল।