২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গারিসা হামলায় কেনীয় সরকারি কর্মকর্তার সন্তান জড়িত

গেল সপ্তায় কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে হামলাকারী মুখোশ পরিহিত বন্দুকধারীদের মধ্যে সরকারি এক কর্মকর্তার ছেলেও ছিলেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2015, 03:42 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মওয়েন্দা এনজোকা এ কথা বলেছেন। ওই কর্মকর্তার ছেলের নাম আব্দিরাহিম আব্দুলাহি বলে জানিয়েছেন তিনি। 
 
বৃহস্পতিবার সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাবের মুখোশধারী চার জঙ্গি গারিসা বিশ্ববিদ্যালয়ে ১৬ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে প্রায় ১৫০ জনকে হত্যা করে। বিশ্ববিদ্যালয়টি সোমালিয়ার সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। 
 
আব্দুলাহি সোমালি বংশোদ্ভূত কেনীয় নাগরিক। তার বাবা সোমালি সীমান্তের কেনীয় উত্তরাঞ্চলীয় মান্দেরা কাউন্টির একজন সরকারি কর্মকর্তা। 
 
এক ক্ষুদে বার্তায় বার্তা সংস্থা রয়টার্সকে এনজোকা বলেছেন, “নিজের সন্তান নিখোঁজ হওয়ার কথা নিরাপত্তা সংস্থাগুলোকে জানিয়েছিলেন তার বাবা। সন্তানকে খুঁজে পেতে পুলিশকে সহযোগিতাও করছিলেন তিনি। এর মধ্যেই গারিসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।” 
 
শনিবার কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছিলেন, এই হামলার পরিকল্পনাকারীরা ও এতে তহবিল যোগানদাতারা কেনিয়ার সমাজের সঙ্গে “গভীরভাবে সম্পর্কিত”। এসব চরমপন্থিদের সঙ্গে লড়াইয়ে দেশটির মুসলিমদের প্রতিও আহ্বান জানিয়েছিলেন তিনি। 
 
মান্দেরা কাউন্টির গভর্নর আলি রোবা বলেছেন, “কেনিয়ায় মৌলবাদের উত্থান ঘটেছে, শুধু দেশের উত্তরাঞ্চলের কাউন্টিগুলোতে না, সারা দেশে।” 
 
নাম প্রকাশে অনিচ্ছুক গারিসার এক কর্মকর্তা জানিয়েছেন, আব্দুলাহি নাইরোবি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ছিলেন। ২০১৩ সালে গ্রাজুয়েশনের পর তিনি আল শাবাবে যোগ দেন। তার বিষয়টি সরকারের জানা ছিল।”
 
“তিনি খুব মেধাবী একজন ছাত্র ছিলেন। কিন্তু তারপর সে ঔইসব পাগলামি ধ্যানধারণায় জড়িয়ে পড়েন।” 
 
আল শাবাব বলেছে, “আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর হয়ে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনা পাঠিয়েছে কেনিয়া, গারিসা তার প্রতিশোধ।” 
 
আল কায়েদার মিত্র জঙ্গি এই গোষ্ঠীটি কেনিয়ার আরো শহরে “রক্তের বন্যা বইয়ে দেয়ার” হুমকি দিয়েছে।