১০০ বছরে সাঁতরে পার ১৫০০ মিটার!
জাপানে মাস্টার্স সুইমিংয়ে যোগ দিয়ে সাঁতারে নতুন রেকর্ড গড়েছেন ১০০ বছর বয়সী নারী মিয়েকো নাগাওকা।
শনিবার অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় এক ঘণ্টা ১৫ মিনিট, ৫৪ দশমিক ৩৯ সেকেন্ড সময় নিয়ে ১৫০০ মিটার পাড়ি দিয়ে এ রেকর্ড গড়েন তিনি।
এর আগেও একাধিক বিশ্বরেকর্ড গড়েছেন এ জাপানি এই নারী। এবারো তিনি যোগ দিয়েছিলেন ফিনা মাস্টার্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে।
৮২ বছর বয়সে সাঁতার শেখা শুরু করেন নাগাওকা। তবে শখের বশে নয়, বাধ্য হয়ে। হাঁটুর ব্যথা সারাতে ব্যায়ামের জন্য সাঁতার শুরু করেন তিনি। এরপর ৮৪ বছর বয়সে প্রথমবারের মতো অংশ নেন জাপানের মাস্টার্স সুইমিংয়ে।
জাপানের সবচেয়ে বয়স্ক এই নারী সাঁতারু জন্মগ্রহণ করেন ১৯১৪ সালে। ৮১ বছর বয়স পর্যন্ত সাঁতার কাটতেই জানতেন না বিশ্বরেকর্ডধারী এই সাঁতারু।
২০০২ সালে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো তিনি ওয়ার্ল্ড মাস্টার্সে অংশ নেন তিনি। তখন তার বয়স ছিল ৮৮। ওই আয়োজনে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জিতেন তিনি।
২০০৪ সালে ইতালিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার্সে ৫০ মিটার, ১০০ মিটার ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকে যথাক্রমে তিনটি রৌপ্য জিতেন তিনি।
ওই বছরই ৯০ বছর বয়সে ৮০০ মিটার ফ্রিস্টাইলে জাপানের জাতীয় রেকর্ড গড়েন নাগাওকা। ৯৫ বছর বয়সে ওয়ার্ল্ড মাস্টার্সে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে গড়েন নতুন বিশ্বরেকর্ড।
তবে শুধু রেকর্ড গড়াই নয়, এর পাশাপাশি নাতি-নাতনিদেরও সাঁতার শেখানোর কাজ করছেন নাগাওকা।
