ইস্টার সানডে’তে শান্তির বার্তা পোপের
সিরিয়া ও ইরাকের ‘সবার ওপর’ শান্তি বর্ষিত হোক। ইস্টার সানডের বার্তায় এই প্রার্থনাই করেছেন পোপ ফ্রান্সিস।
ওই দুই দেশের জনগণের ‘অপরিমেয় মানবিক দুর্দশার’ অবসানে আন্তর্জাতিক বিশ্বের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এছাড়া, ভ্যাটিকান, ইউক্রেইন, লিবিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোর শান্তির জন্য প্রার্থনা করেন পোপ। সেই সঙ্গে তিনি আবারও বিভিন্ন দেশে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানান।
বৃষ্টি-প্লাবিত সেন্ট পিটার্স স্কয়ারে পোপ বলেন, “আমাদের অনেক ভাই –বোন যারা শুধুমাত্র খ্রিস্টান হওয়ার কারণে নির্যাতিত হচ্ছেন তাদের দুর্ভোগ কমিয়ে দেয়ার জন্য আমরা যিশুখ্রিস্টের কাছে প্রার্থনা করেছি। সেই সঙ্গে তাদের জন্যও প্রার্থনা করেছি যারা চলমান সংঘর্ষ ও নৃশংসতার অন্যায় শিকার হচ্ছেন।”
“আমরা সিরিয়া ও ইরাকের সবার ওপর শান্তি বর্ষণের জন্য প্রার্থনা করেছি। আশা করি অস্ত্রের গর্জন বন্ধ হবে এবং ওই দুই দেশের বিভিন্ন দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনপ্রতিষ্ঠিত হবে।”
“যুদ্ধ-বিক্ষুব্ধ বিভিন্ন দেশে মানবতা যে চরম দুর্দশার মধ্যে পড়েছে এবং যেভাবে মানুষ শরণার্থীর দুর্ভাগ্যজনক জীবন বেছে নিতে বাধ্য হচ্ছে তার সামনে আন্তর্জাতিক বিশ্ব হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবে না বলে আশা করছি।”
কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের হামলায় নিহত তরুণ শিক্ষার্থীদেরও তিনি মনে রেখেছেন এবং তাদের জন্য প্রার্থনা করেছেন বলেও জানান পোপ ফ্রান্সিস।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার বিষয়েও উচ্ছ্বাস প্রকাশ করে পোপ ‘আরো নিরাপদ ও ভ্রাতৃত্বপূর্ণ পৃথিবীর পথে এটি একটি দৃঢ় পদক্ষেপ’ হবে বলে আশা প্রকাশ করেন।
