২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সরকার-বিদ্রোহী যুদ্ধবিরতি চুক্তি সই

মিয়ানমার সরকার ও ১৬টি অস্ত্রধারী বিদ্রোহী দল একটি খসড়া যুদ্ধবিরতি চুক্তি সই করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2015, 08:39 PM

Updated : 25 Apr 2022, 01:11 PM

রাজধানী ইয়াংগুনে এ চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট থেইন সেইন। সাত দফা আলোচনার পর এ খসড়া চুক্তির বিষয়ে একমত হয় উভয় পক্ষ।

দেশটিতে কয়েক দশক ধরে চলা গৃহবিবাদের অবসানে এ চুক্তি একটি সুনির্দিষ্ট পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যদিও চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়ার আগে অস্ত্রধারী বিদ্রোহী দলের প্রতিনিধিরা এখনো তাদের নেতাদের সঙ্গে পরামর্শ করছেন।

এ চুক্তি সাক্ষরকে ‘ঐতিহাসিক এবং সুনির্দিষ্ট অর্জন’ বলে বর্ণনা করেছে জাতিসংঘ।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, “চুক্তিটির ওপর ভিত্তি করে মিয়ানমারে প্রকৃত এবং দীর্ঘমেয়াদী শান্তি ফিরে আসবে।”

সেইন বলেন, “জনগণের শান্তি প্রয়োজন। তারা শান্তি চাইছে এবং শান্তির অপেক্ষায় আছে।” কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

“খসড়া চুক্তি সই হওয়ার পর রাজনৈতিক আলোচনার পথ উন্মোচন হয়েছে। এ শান্তি-রচয়িতারা নিশ্চিতভবেই মিয়ানমারের ইতিহাসে জায়গা পাবেন।”

অস্ত্রধারী বিদ্রোহী দলের একজন প্রতিনিধির বরাত দিয়ে বিবিসি জানায়, বেশকিছু সুনির্দিষ্ট বিষয়ে শেষ মুহূর্তে সরকার সমঝোতা করায় এই চুক্তি সম্ভব হয়েছে।

তবে যুদ্ধবিরতি বিষয়ে খসড়া চুক্তি সই হলেও এখনো ককাং অঞ্চলে প্রচণ্ড সংঘর্ষ চলছে। অন্যান্য এলাকায় নিয়মিত বিরতিতে সংঘর্ষ চলছে।

ককাংয়ের যুদ্ধ নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন বিদ্রোহী দলের একজন প্রতিনিধি।

ফেব্রুয়ারিতে সংঘর্ষ প্রচণ্ড আকার ধারণ করলে মিয়ানমার সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিল। ওই সময়ে অনেকেই দেশ ত্যাগ করে এবং প্রতিবেশী দেশে বিশেষ করে চীনে আশ্রয় গ্রহণ করে।