গার্ডিয়ান-এ প্রথম নারী সম্পাদক
যুক্তরাজ্যের প্রভাবশালী ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে প্রথমবারের মত দায়িত্ব নিতে যাচ্ছেন একজন নারী। নাম ক্যাথরিন ভাইনার।
আসছে গ্রীষ্মে পত্রিকাটির বর্তমান সম্পাদক অ্যালান রুসব্রিজারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ২০ বছর দায়িত্ব পালন করার পর অবসরে যাচ্ছেন বর্তমান সম্পাদক রুসব্রিজার।
বর্তমানে পত্রিকাটির উপ-সম্পাদক এবং গার্ডিয়ানের যুক্তরাষ্ট্র শাখার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্বরত ৪৪ বছর বয়সী ভাইনারই হচ্ছেন পত্রিকাটির ১৯৪ বছরের ইতিহাসে প্রথম নারী সম্পাদক।
গার্ডিয়ানের স্বত্তাধিকারী ‘দ্য স্কট ট্রাস্ট’ শুক্রবার এ নিয়োগ ঘোষণা করে। গার্ডিয়ানের সম্পাদক হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী ২৬ জনের মধ্যে সংক্ষিপ্ত তালিকার দুইজনের সঙ্গে চূড়ান্ত এক সাক্ষাৎকার শেষে ট্রাস্টি বোর্ডের সদস্যরা এ ঘোষণা দেন।
১৮২১ সালে প্রতিষ্ঠিত হলেও এ দীর্ঘ সময়ে গার্ডিয়ান পরিচালিত হয়েছে মাত্র ১১ জন সম্পাদকের হাতে। স্বভাবতই পত্রিকাটির সম্পাদকদের সংক্ষিপ্ত তালিকায় ১২তম সম্পাদক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ভিনার।
সম্পাদক হওয়ার দৌড়ে এই নারী সাংবাদিক সমর্থন পেয়েছেন গার্ডিয়ান এবং এর সাপ্তাহিক ম্যাগাজিন অবজার্ভারের ৪৩৮ কর্মীর, যা তাদের মোট কর্মী সংখ্যার ৫৩ শতাংশ। নিজেদের সম্পাদক নির্ধারণে আগের মাসেই প্রতিষ্ঠানটির ৮৩৯ কর্মী এক নির্ধারক ভোটে অংশ নেয়।
নিজের নিয়োগের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ক্যাথরিন ভাইনার বলেন, “গার্ডিয়ান ও অবজার্ভারের প্রধান সম্পাদক হওয়া স্বাধীন চিন্তা, সূক্ষ্ম বিশ্লেষণ এবং অসাধরণ প্রতিবেদনের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত একদল সাংবাদিকদের নেতৃত্ব দেওয়ার একটি বড় সুযোগ ও দায়িত্ব।”
রুসব্রিজারের উত্তরসুরি হিসেবে ‘সম্মানিত’ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “তার কাজের পথ ধরে আমি শক্তিশালী, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, মুক্ত ও আকর্ষণীয় এ গণমাধ্যমের নেতৃত্ব দিতে দৃঢ়প্রতিজ্ঞ।”
“বিষয়বস্তু নির্ধারণ করে সারাবিশ্বের পাঠকদের মাঝে ছড়িয়ে পড়তে উচ্চাকাঙ্খী সাংবাদিকতা, ধারণা ও ঘটনার সমন্বয়ে এটি হবে একটি বাড়ির মতো।”
১৯৯৭ সালে গার্ডিয়ানে ফিচার সম্পাদক হিসেবে কাজ শুরু করেন ভাইনার। দীর্ঘ ১৮ বছরের পথচলায় পত্রিকাটির যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়া সংস্করণের সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ সব ধরনের সম্পাদনা কাজের সঙ্গেই জড়িত ছিলেন তিনি।
নিজের উত্তরসুরি সম্পর্কে বর্তমান সম্পাদক অ্যালান রুসব্রিজার বলেন, “ক্যাথ গার্ডিয়ানের ভেতরই বেড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র সংস্করণের দায়িত্ব নেওয়ার আগে অষ্ট্রেলিয়া সংস্করণের দুঃসময়ে তিনিদায়িত্ব নিয়েছিলেন। প্রধান সম্পাদক হিসেবে নতুন ভূমিকায় পর্যাপ্ত অভিজ্ঞতা, দক্ষতা, নতুন ধারণা এবং বিপুল উদ্যম নিয়ে আসবেন তিনি।”
রুসব্রিজারের সময়ে সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কার পায় গার্ডিয়ান। জনগণের ব্যক্তিগত তথ্যের ওপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার নজরদারি চালানোর বিষয়ে অ্যাডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্য ছাপিয়ে সাম্প্রতিক সময়েও পত্রিকাটি আলোড়ন তোলে।
সম্পাদক হিসেবে অবসর নেওয়ার পর আগামী বছরের শুরুতে রুজব্রিজার পত্রিকার মালিকপক্ষ ‘দ্যা স্কট ট্রাস্ট’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। একই সময়ে অবসরে যাবেন ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান লিজ ফরগান।
নতুন সম্পাদক হিসেবে ক্যাথেরিন ভাইনারের নাম ঘোষণা করা লিজ ফরগান স্বচ্ছ একটি মনোনয়ন প্রক্রিয়ার ভেতর দিয়ে নির্বাচিত হয়ে আসার জন্য তার প্রশংসা করেন এবং অভিনন্দন জানান।
তিনি বলেন, “এটি ছিল সবদিক বিবেচনায় নিয়ে একটি স্বচ্ছ এবং প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক প্রক্রিয়া। প্রার্থী নির্বাচনে ভৌগিলকতা, বিষয়ভিত্তিক বিভিন্ন জ্ঞান ও অতীত যোগ্যতাসহ যিনি সম্পাদকীয় ভোটের মাঠে লড়তে ইচ্ছুক তাদের বিবেচনায় নিয়েছি।”
