২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোকো হারামের এলাকা ‘পুনর্দখল হবে একমাসেই’

নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন আশা প্রকাশ করে বলেছেন, জঙ্গি গোষ্ঠী বোকো হারামের দখল করা অঞ্চল একমাসের মধ্যেই পুনরায় দখলে নেয়া হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 11:23 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

গোষ্ঠীটি দিন দিনই দুর্বল হয়ে পড়ছে বলে বিবিসি’তে মন্তব্য করেন তিনি।

তবে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিদের প্রাথমিক অগ্রযাত্রা রুখে দাঁড়ানোর লড়াইটাও অত্যন্ত ধীরগতিতে হচ্ছে বলেও স্বীকার করেন তিনি। সেনাবাহিনী সম্প্রতি বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে জয় পাওয়ার দাবি করেছে।

প্রতিবেশী দেশ চাদ, নাইজার এবং ক্যামেরুনের সহায়তায় নাইজেরিয়ার সেনাবাহিনী বোকো হারামের দখলে থাকা ১৪ টি এলাকার মধ্যে ১১ টি এলাকা পুনর্দখল করেছে বলে জানিয়েছে।

বৃহস্পতিবার বোকো হারাম নাগালা শহরে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করে। সেনাবাহিনী শহরটি পুনর্দখল করেছে বলে দাবি করার পরই এ হত্যাযজ্ঞ চালায় বোকো হারাম।

বোকো হারামের তৎপরতা রুখে দাঁড়াতে ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট জোনাথন সরকার তীব্র সমালোচনার শিকার হয়ে আসছে।