২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলে বেঁধে মেয়েকে স্কুলে নিলেন বাবা

ভারতের এক ব্যক্তি তার মেয়েকে দড়ি দিয়ে মোটরসাইকেলের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ায় গ্রেফতার হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 11:29 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

মেয়ে পরীক্ষা দিতে স্কুলে যেতে না চাওয়ায় তাকে এভাবে বেঁধে নিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছেন বাবা। কিন্তু প্রত্যক্ষদর্শীরা মেয়েটিকে এভাবে বেঁধে নিয়ে যাওয়াকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়েছে।

মেয়েটি মোটরসাইকেলে বাঁধা থাকা অবস্থায় পথচারীরা ছবি তুলে স্থানীয় পত্রিকায় দেয়ার পুলিশ ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে তিনি এখন জামিনে মুক্ত।

উত্তর প্রদেশের মুথারা গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। দুই ছেলে ও তিন মেয়ের এই বাবা একটি বেসরকারি বিদ্যালয়ে প্রহরীর চাকরি করেন।

এ ধরনের ঘটনা এমন সময় ঘটল, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শিক্ষার জন্য ব্যাপক প্রচারাভিযানে নেমেছেন।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি তার মেয়েকে অনেক কিছু দেয়ার প্রলোভন দেখিয়ে স্কুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু মেয়েটি কোনো মতেই স্কুলে যেতে রাজি হচ্ছিল না। ওই দিন পরীক্ষা থাকায় শেষ পর্যন্ত তাকে মোটরসাইকেলে বেঁধে নিয়ে যান বাবা।

টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, “আমি তাকে স্কুলে না নিয়ে গেলে সে মরবে না। কিন্তু এটি নিশ্চিত, পড়াশোনা না করলে সে মরবে।”

ভারতে নারী শিক্ষার হার ৬৪ শতাংশ। আর পুরুষ শিক্ষার হার ৮১ শতাংশ। এ ব্যবধান কমাতে নরেন্দ্র মোদী বিশেষ প্রচারাভিযান চালাচ্ছেন।