যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী ছাড়ছেন প্রিন্স হ্যারি
১০ বছর কাজের পর আগামী জুন মাসে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী ছাড়ছেন প্রিন্স হ্যারি। একে ‘খুব কঠিন সিদ্ধান্ত’ বলে বর্ণনা করেছেন তিনি।
হ্যারি বলেন, “গত ১০ বছরে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আজীবন থাকবে। এজন্য আমি সব সময়ই কৃতজ্ঞ থাকব।”
“এখন আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবনা-চিন্তা করছি এবং নানা সম্ভাবনা নিয়ে খুবই উত্তেজিত।”
২০০৫ সালে স্যান্ডাস্ট সামরিক প্রশিক্ষণ কলেজে সামরিক কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ নেয়া শুরু করেন হ্যারি।
সেনাবাহিনীতে তিনি ক্যাপ্টেন হ্যারি ওয়ালস নামে পরিচিত ছিলেন।
২০০৭ সালের শেষ দিকে আফগানিস্তানে যান হ্যারি। যুক্তরাজ্যের সেনাবাহিনীর অংশ হয়ে যা ছিল তার প্রথম বিদেশ সফর।
এরপর তিনি এপাচি অ্যাটাক হেলিকপ্টারের চালক হিসেবে প্রশিক্ষণ নেয়া শুরু করেন।
২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের জানুয়ারির মধ্যবর্তী সময়ে একজন এপাচি পাইলট হিসেবে দ্বিতীয়বার আফগানিস্তান যান প্রিন্স হ্যারি।
তবে গত বছর থেকে হ্যারি আর কোন অভিযানে অংশ নিচ্ছেন না এবং এ সময় তিনি শুধু দাপ্তরিক কাজ করছেন।
সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর বাবা প্রিন্স চার্লস এবং বড় ভাই প্রিন্স উইলিয়ামের মত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি হয়ে বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজ করবেন হ্যারি।
উচ্ছৃঙ্খল জীবন যাপনের জন্য ব্রিটিশ নাগরিকদের কাছে একসময় ক্রমশ জনপ্রিয়তা হারাতে থাকা হ্যারি একজন সেনা কর্মকর্তা হিসেবে নিজের ভাবমূর্তির উন্নতি ঘটাতে সক্ষম হয়েছেন।
হ্যারি ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী।
