২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের কিশোরদের ফেরত পাঠালো তুরস্ক

সিরিয়া যাওয়ার চেষ্টাকালে যুক্তরাজ্যের তিন কিশোরকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে তুরস্ক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 09:23 AM

Updated : 25 Apr 2022, 01:08 PM

শনিবার রাতে উত্তরপশ্চিম লন্ডনের ১৭ বছর বয়সী দুই কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণ যুক্তরাজ্যে ফিরে আসার পর তাদের গ্রেপ্তার করে জামিনে মুক্তি দেয়া হয়, স্কটল্যান্ড ইয়ার্ডের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল, এমন সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।

শুক্রবার তাদের নিখোঁজ হওয়ার খবর পেয়ে যুক্তরাজ্যের পুলিশ তুর্কি কর্মকর্তাদের সতর্ক করে দেয়। এই সতর্কতার সূত্র ধরেই তুর্কি কর্তৃপক্ষ ওই কিশোরদের আটক করে। 

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, দুজন ১৭ বছর বয়সী কিশোরকে পাওয়া যাচ্ছে না এবং তারা সিরিয়া যাওয়ার চেষ্টা করছে বলে সন্দেহ করা হচ্ছে, এমন খবরে যুক্তরাজ্যের সন্ত্রাস-বিরোধী কর্মকর্তারা সতর্ক হয়ে উঠেন।

আরো অধিক তদন্তে জানা যায়, ওই দুই কিশোর তৃতীয় এক ব্যক্তির সঙ্গে সিরিয়া যাওয়ার চেষ্টা করছে।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে তুর্কি কর্তৃপক্ষকে সতর্ক করা হলে তারা ওই তিনজনকে সনাক্ত করে আটক করতে সক্ষম হন। 

শনিবার লন্ডনের স্থানীয় সময় রাত সোয়া এগারোটায় যুক্তরাজ্যে ফিরে আসার পরপরই তাদের গ্রেপ্তার করে সন্ত্রাস-বিরোধী কর্মকর্তারা।

আরো অধিক তদন্তের স্বার্থে তাদের জামিন দিয়ে কেন্দ্রীয় লন্ডনের একটি থানায় পাঠানো হয়েছে।

তুর্কি এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ত্রয়ী স্পেনের বার্সেলোনা থেকে ইস্তাম্বুল গিয়েছিল। ইস্তাম্বুলের সাবিহা গকসেন বিমানবন্দর থেকে তাদের আটক করে তুর্কি কর্তৃপক্ষ।

এর আগে যুক্তরাজ্যের তিন কিশোরী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট’এ (আইএস) যোগ দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে তুরস্ক হয়ে সিরিয়া চলে যায়। এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়ার মুখে সতর্ক হয়ে ওঠে যুক্তরাজ্য ও তুর্কি কর্তৃপক্ষ।