বিশ্বে কার্বন নির্গমন ‘থেমেছে’
বিশ্বে কার্বন ডাই অক্সাইড নির্গমন যেভাবে বেড়ে চলছিল তা গতবছরই থেমে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
গত ৪০ বছরের মধ্যে এই প্রথম কার্বন নির্গমন স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। বড় ধরনের কোনো অর্থনৈতিক সঙ্কট না থাকার কারণেই এটি সম্ভব হয়েছে, বলছে আইইএ।
২০১৪ সালে বিশ্বে বার্ষিক কার্বন নির্গমনের মাত্রা ছিল ৩২ গিগাটন। যা এর আগের বছরও ছিল একই।
তবে বিষয়টি উৎসাহব্যাঞ্জক হলেও এ নিয়ে সন্তুষ্ট হওয়ার সময় এখনো আসেনি বলেও সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা।
কার্বন নির্গমন থিতু হওয়ার এ সুসংবাদে কার্বন নির্গমন হ্রাসের চেষ্টা বাদ দিয়ে বসে থাকা যাবে না বলে হুঁশিয়ার করেছেন আইইএ’র নির্বাহী পরিচালক।
গতবছর কার্বন নির্গমন না বাড়ার কারণ হিসাবে বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে চীন এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংগঠনের (ওইসিডি) দেশগুলোর জ্বালানি ব্যবহারের ধরনে পরিবর্তনই মূল ভূমিকা রেখেছে।
বিশেষ করে গত বছর চীনে জ্বালনির জন্য কয়লার ব্যবহার কমে যাওয়া কার্বন নির্গমন হ্রাসে সহায়ক হয়েছে।ওদিকে, ওইসিডি দেশগুলোও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে কার্বন নির্গমন হ্রাসে ভূমিকা রেখেছে।
