বাবা খুনের জন্য পুতিনকে দুষলেন নেমৎসোভকন্যা
রাশিয়ার বিরোধীদলীয় নেতা বরিস নেমৎসোভের মেয়ে ঝান্না নেমৎসোভা বাবা খুনের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুষেছেন। এ খুনের দায় পুতিনকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
বিবিসি’কে নেমৎসোভা বলেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এ খুনের জন্য পুতিনই দায়ী বলে মনে করেন তিনি।
ক্রেমলিনের কট্টর সমালোচক এবং সাবেক উপপ্রধানমন্ত্রী নেমৎসোভক ২৭ ফেব্রুয়ারি রাতে মস্কোতে একটি সেতুর কাছে আততায়ীরা গুলি করে হত্যা করে।
পুতিন এ হত্যাকাণ্ডের নিন্দা করে হত্যাকারীদের খুঁজে বের করার অঙ্গীকার করেছেন।
এরই মধ্যে হত্যাকাণ্ডে অভিযুক্তদের মধ্যে একজন জাউর দাদায়েভকে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিবিসি’কে ঝান্না নেমৎসোভা তার বাবার মিত্রদের কথার পুনরাবৃত্তি করে বলেছেন, এ হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরো বলেন, তার বাবা ছিলেন পুতিনের কট্টর সমালোচক এবং রাশিয়ার বিরোধীদলের সবচেয়ে প্রভাবশালী নেতা। তার মৃত্যুতে সরকারি দলকে চ্যালেঞ্জ করার মত এত প্রভাবশালী আর কোনো ব্যক্তিত্ব বিরোধীদলের নেই।
