ব্রাদারহুডের এক কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর
প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির উৎখাতের পর এই প্রথম মুসলিম ব্রাদারহুডের একজন কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা হল।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানায়, শনিবার ফাঁসিতে ঝুলিয়ে মাহমুদ হাসান রামাদানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
২০১৩ সালে ব্রাদারহুডের নেতা মুরসির বিরুদ্ধে গণআন্দোলনের সময় নৃশংসতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হন রামাদান। তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
যদিও নিরাপত্তা সূত্র রামাদানকে চরমপন্থি জঙ্গি হিসেবে বর্ণনা করে এবং সে ব্রাদারহুডের তালিকাভূক্ত সদস্য নয় বলেও জানায়।
মুরসির বিরুদ্ধে গণআন্দোলনের সময় আলেক্সয়ান্দ্রিয়া শহরের একটি ভবন থেকে কিশোরদের ছুঁড়ে ফেলা হয়। রামাদানের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে।
২০১৩ সালের ৩ জুলাই মিশরের সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করে। পরদিন আলেক্সয়ান্দ্রিয়ার সিদি জাবের জেলায় কিশোরদের ভবন থেকে ছুঁড়ে ফেলে হত্যার ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানায়, ওই ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছে।
ওই সময় দুই কিশোরকে ছুঁড়ে ফেলার ভিডিও চিত্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ওই দুই জনের একজন মারা যায়।
