পেশোয়ার স্কুল হামলার কমান্ডার আটক
২০১৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের পেশোয়ার শহরে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলার সঙ্গে জড়িত অন্যতম সন্দেহভাজন তালেবান কমান্ডার তাজ মুহম্মদকে আটক করা হয়েছে।
সোমবার বিবিসি জানিয়েছে, তালেবান পরিচালিত ওই হামলার নেপথ্যে যারা কমান্ডার হিসেবে কাজ করেছেন তাজ তাদের অন্যতম বলে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে ।
১৬ ডিসেম্বর ওই স্কুলে হামলায় ১৩৩ ছাত্রসহ অন্ততপক্ষে ১৫০ জন নিহত হন।
এই হামলার সঙ্গে সরাসরি জড়িত বন্দুকধারীরা সবাই নিহত হয়েছেন বলে ধরে নেয়া হয়। কিন্তু বর্বরোচিত এই ঘটনার নেপথ্যে আরো ১৮ জন জড়িত ছিলেন বলে বিশ্বাস করে পাকিস্তানি কর্তৃপক্ষ। তাদের সবাইকে গ্রেপ্তারের চেষ্টায় চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী।
