মিশরে গণতন্ত্রপন্থি কর্মীর ৫ বছরের জেল
মিশরের বিশিষ্ট একজন ব্লগার ও গণতন্ত্রপন্থিকর্মী আলা আব্দেল ফাত্তাহকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
উস্কানিমূলক কথাবার্তা বলে দেশের শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে সোমবার আলা আব্দেল ফাত্তাহকে এ সাজা দেয়া হয়। বিচারক রায় ঘোষণার পর আদালত কক্ষে উপস্থিত ফাত্তাহ’র সমর্থকরা ‘পতন হোক, সামরিক শাসনের পতন হোক’ বলে স্লোগান দিতে থাকে।
এর আগে এ অভিযোগে ফাত্তাহসহ আরও ২৪ জনের ১৫ বছরের কারাদণ্ড হয়েছিল। পরে মামলাটি পুনরায় বিচারের আদেশ দেয়া হয়।
ব্যাপক গণআন্দোলনের মুখে ২০১১ সালে মিশরের দীর্ঘদিনের সামরিক শাসক হোসনি মুবারকের পতন ঘটে। ওই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সফটওয়্যার প্রকৌশলী ফাত্তাহ।
মুবারকের পতনের পর বিভিন্ন ধরনের অভিযোগে ফাত্তাহকে বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে এবং তিনি পরে ছাড়া পেয়েছেন।
সোমবার ফাত্তাহ ছাড়াও আহমেদ আব্দুল রহমান নামের অন্য একজন আন্দোলনকারীকেও পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া, ১৮ আন্দোলনকারীর ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আব্দুল রহমানের আইনজীবী রয়টার্সকে বলেন, “সঠিক বিচার হয়নি। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব।”
