২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাকাসের মেয়রের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’র অভিযোগ

ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে সহিংসতার ‘ষড়যন্ত্র’ করার অভিযোগ আনা হয়েছে দেশটির রাজধানী কারাকাসের মেয়র আন্তনিয়ো লেডেজমা’র বিরুদ্ধে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 03:24 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শনিবার ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল দপ্তরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিচার শুরু হওয়া পর্যন্ত লেডেজমান (৫৯) সামরিক কারাগারে থাকবেন।

তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক সহিংসতার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে অ্যাটর্নি জেনারেল দপ্তর।

বৃহস্পতিবার গুপ্ত পুলিশ কারাকাসের বাণিজ্যিক এলাকার বাড়ি থেকে মেয়র লেডেজমাকে আটক করে নিয়ে যায়।

প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, বিরোধীদলীয় নেতা লেডেজমাকে “দেশের শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে করা সব অপরাধের” জবাব দিতে হবে।

এর আগে বিরোধীদলীয় এই মেয়রকে যুক্তরাষ্ট্র সমর্থিত অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত হিসেবে অভিযুক্ত করেছিলেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

মাদুরোর শাসনবিরোধী ব্যাপক বিক্ষোভের বছর পূর্তির সময় কারাকাসের মেয়রের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হল। ২০১৪ সালের প্রথম দিকের ওই সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছিলেন।

শুক্রবার রাজধানী কারাকাসে ফের সরকারবিরোধী বিক্ষোভ করেছেন মাদুরো বিরোধীরা। রাজনৈতিক বিরোধীদের দমন করার জন্য সরকারকে অভিযুক্ত করেছেন তারা। লেডেজমার বিরুদ্ধে আনা অভিযোগও সরকার প্রমাণ করতে পারবে না বলে দাবি করেছেন তারা।