২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরপূর্ব অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব

অস্ট্রেলিয়ার উত্তরপূর্ব উপকূল দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় মার্সিয়ার আঘাতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়ে, গাছপালা উপড়ে পড়ে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ও হঠাৎ বন্যায় লাখো মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।

রয়টার্স

রয়টার্স

Published : 20 Feb 2015, 11:36 AM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শুক্রবার উত্তরপূর্ব উপকূলের কুইন্সল্যান্ড রাজ্যের পাশাপাশি পশ্চিম উপকূলেও আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে।

কুইন্সল্যান্ডের ঘূর্ণিঝড়টি (মার্সিয়া) উপকূলে আঘাত হানার কয়েক ঘন্টা আগে শক্তি সঞ্চয় করে শক্তিশালী পাঁচ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়। সকালে ঘূর্ণিঝড়াটি আঘাত হানার সময় এটির শক্তি সম্পর্কে ওই এলাকার বাসিন্দারা অসতর্ক ছিলেন।

হঠাৎ শক্তি বৃদ্ধি হওয়ায় ঘন্টায় ২৮৫ কিমি বাতাসের বেগসহ পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিতে পারেননি তারা। ফলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়।

শেষ মূহুর্তে ঘূর্ণিঝড় মার্সিয়ার পথের মধ্যে পড়া বাড়িগুলোর বাসিন্দাদের তাড়াহুড়া করে সরিয়ে নিতে শুরু করেন জরুরী বিভাগের কর্মীরা। ঘূর্ণিঝড় আঘাত হানার সময় ওই এলাকার বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়ে সবাইকে সতর্ক করে জরুরী বিভাগ।

ঘূর্ণিঝড়ে কুইন্সল্যান্ডের উপকূলীয় বন্দরমুখি সব রেলপথে মালবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাজ্যটির ২৮০ বিলিয়ন ডলারের রপ্তানী বাণিজ্যের জন্য এই ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়া একটি বিপর্যয়।

রাজ্যের প্রধান শহর ব্রিসবেনের ৫৫০ কিমি উত্তরের উপকূলীয় শহর ইয়েপ্পোন টাউনের উপর দিয়ে মার্সিয়া স্থলে প্রবেশ করে। এখানে প্রায় ১৬ হাজার মানুষের বাস।

এ সময় ব্রিসবেনে এক সংবাদ সম্মেলনে রাজ্যটির মুখ্যমন্ত্রী অ্যানাস্তেসিয়া প্যালাজক্জুক বলেন, “বাইরে বের হবেন না, ঘরের ভিতরে থাকুন।”

স্থলে আঘাত হানার পর মার্সিয়া দুর্বল হয়ে তিন মাত্রার ঝড়ে পরিণত হয়। এটি ইয়েপ্পোনের দক্ষিণের রকহ্যাম্পটনের দিকে এগোতে থাকায় ওই শহরের ৭৫ হাজার বাসিন্দাকে সতর্ক করেন অ্যানাস্তেসিয়া।

তিনি বলেন, “ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি সোজা আপনাদের দিকে এগিয়ে যাচ্ছে।”

স্থানীয় সময় শুক্রবার বিকেলের দিকে ঝড়ের বেগ কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে ঝড়ের বেগ কমে আসলেও পরবর্তী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হয়ে বন্যার সম্ভবনার কথা জানিয়েছেন তারা।

এই আবহাওয়া উপকূল ছাড়িয়ে দেশের আরো ভিতর দিকে প্রসারিত হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

মার্সিয়ার প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনায় শনিবার ব্রিসবেনে বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ স্থগিত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।