২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবরুদ্ধ দিবালিৎসিভ শহরের পতন

পূর্ব ইউক্রেইনে দিবালিৎসিভ শহর থেকে পিছু হটতে শুরু করেছে সরকারি সেনারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Feb 2015, 06:58 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

বুধবার রাশিয়ার মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের পর ইউক্রেইন বাহিনী শহর থেকে চলে যেতে শুরু করে। এদিন সকালের মধ্যেই ৮০ শতাংশের বেশি সেনা শহর ছেড়ে গেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো।

যুদ্ধবিরতির মধ্যেও শহরটিতে দুপক্ষে প্রচণ্ড লড়াই হয়েছে। শহরের বেশিরভাগ এলাকাই দখল করেছে রুশপন্থি বিদ্রোহীরা।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেইন বাহিনী অবরুদ্ধ হয়ে পড়েছে এবং লড়াই থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।

প্রত্যক্ষদর্শীরাও সারি সারি ট্যাংকসহ সেনাবহরকে দিবালিৎসিভ ছেড়ে চলে যেতে দেখার কথা জানিয়েছে।

ল্যাভরভ বলেছেন, দিবালিৎসিভে লড়াইয়ে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েনি। কারণ, চুক্তিটি সইয়ের সময় শহরটি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার অংশ ছিল।

তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মঘেরিনি বলেছেন, দিবালিৎসিভে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতায় যুদ্ধবিরতি স্পষ্টতই লঙ্ঘিত হয়েছে।

গত সপ্তাহে মিনস্কে রাশিয়া, ইউক্রেইন, ফ্রান্স ও জার্মানির নেতাদের বৈঠকে এই যুদ্ধবিরতির চুক্তি হয়। যুদ্ধবিরতি তদারকারী আন্তর্জাতিক পর্যবেক্ষকরা শহরটিতে প্রবেশ করতে সক্ষম হননি।