২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে হাউথিদের ক্ষমতা ছাড়ার আহ্বান জাতিসংঘের

ইয়েমেন সঙ্কট সমাধানে হাউথি বিদ্রোহীদের ক্ষমতা থেকে দ্রুত সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 07:39 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

যদিও সঙ্কট সমাধানে এখনই সেনাবাহিনী ব্যবহার করতে চায় না নিরাপত্তা পরিষদ। ইয়েমেনের প্রতিবেশী বেশ কয়েকটি আরব দেশ হাউথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে বল প্রয়োগ করার প্রস্তাব দিয়েছে।

এ মাসের শুরুর দিকে রাজধানী সানা দখল করে হাউথি বিদ্রোহীরা। এরপর তারা প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে পদত্যাগ করতে বাধ্য করে। বর্তমানে প্রেসিডেন্টসহ সব মন্ত্রীদের গৃহবন্দি করে রাখা হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হাউথিদের ‘এখনই এবং বিনাশর্তে’ সরকারি প্রতিষ্ঠান থেকে সরে যাওয়ার পাশাপাশি মনসুর হাদিকে গৃহবন্দি দশা থেকে মুক্তি দেয়ার আহ্বানও জানিয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে হাউথিদের সতর্ক করে দিয়ে বলা হয়, ইয়েমেন ধীরে ধীরে ‘অচল’ হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো ইয়েমেনে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।

যদি হাউথিরা জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সরে না দাঁড়ায় তবে ‘পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নেয়া হবে’ বলে ঘোষণা দেয়া হয়েছে।

সেইসঙ্গে জাতিসংঘভূক্ত অন্যান্য দেশগুলোকে ইয়েমেনের ব্যাপারে ‘বাড়তি হস্তক্ষেপ করার’ বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে।

অভিযোগ রয়েছে ইরান হাউথিদের সমর্থন দিচ্ছে। যদিও ইরান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।