কোপেনহেগেনে গুলিবর্ষণকারীর ‘সহিংস অতীত ছিল’
কোপেনহেগেনের বাকস্বাধীনতা বিষয়ক এক বিতর্ক অনুষ্ঠান এবং একটি সিনাগগে হামলাকারী ২২ বছর বয়সী যুবক ডেনমার্কে জন্মেছিলেন। তার অতীত সহিংসতার ইতিহাস রয়েছে।
এক সংবাদ সম্মেলনে ডেনিশ পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার এসব কথা জানিয়েছে বিবিসি।
রোববার সকালে কোপেনহেগেনের নোরেব্রো এলাকায় পুলিশের গুলিতে ওই সম্ভাব্য হামলাকারী নিহত হন।
ডেনিশ গণমাধ্যমে নিহত সন্দেহভাজন হামলাকারীর নাম ওমর এল-হুসেইন বলে উল্লেখ করা হলেও নামটি নিশ্চিত করেনি পুলিশ। পুলিশ নিহতের পরিচয় প্রকাশ করেনি।
নিহত বন্দুকধারী একাই হামলা দুটি চালিয়েছিলেন বলে মনে করছে পুলিশ।
ক্যাফের গুলিবর্ষণে এক চলচ্চিত্র পরিচালক ও সিনাগগে গুলিবর্ষণে এক ইহুদি পাহারাদার নিহত হন। দুটি ঘটনায় পাঁচ পুলিশও গুলিবিদ্ধ হয়েছেন।
কথিত ‘ওমর এল-হুসেইন’ সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অস্ত্র রাখা ও সহিংসতার অভিযোগ থাকায় পুলিশ তাকে আগে থেকেই চিনতো।
সংবাদ সম্মেলনে ডেনিশ পুলিশ কমিশনার থরকিল্ড ফগেড বলেছেন, “পুলিশের গুলিতে সন্দেহভাজন যখন নিহত হন তখনও তার কাছে পিস্তল ছিল।”
শনিবার কোপেনহেগেনের এক ক্যাফেতে বাকস্বাধীনতার ওপর একটি বিতর্ক চলাকালে সেখানে প্রথম হামলার ঘটনা ঘটে। বাইরে থেকে ক্যাফে লক্ষ করে ৪০টিরও বেশি গুলি করে হামলাকারী।
