২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত ১৯

পাকিস্তানের পেশোয়ারে শিয়াদের একটি মসজিদে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 06:27 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজ চলাকালে একদল অস্ত্রধারী মসজিদে ঢুকে প্রথমে গুলি চালায়। এরপর মসজিদের ভেতর তিনটি বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

পেশোয়ারের পুলিশ প্রধান মিয়ান সাঈদ রয়টার্সকে বলেন, “এ ঘটনার পর পুলিশকে ডাকা হয়েছে এবং জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।” তেহরিক-ই-তালেবান পাকিস্তান এ হামলার দায় স্বীকার করেছে।

পেশোয়ারের হায়াতাবাদ হাসপাতাল কর্তৃপক্ষ অন্তত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী শহিদ হুসাইন রয়টার্সকে বলেন, মুসল্লিদের নামাজ প্রায় শেষ হয়ে এসেছিল। এ সময় সামরিক পোশাক পরিহিত পাঁচ-ছয়জন লোক মসজিদের ওপর হামলে পড়ে এবং গুলি শুরু করে।

“আমরা বুঝতে পারছিলাম না কি হচ্ছে। হঠাৎ করেই হামলাকারীদের একজন বিস্ফোরকে নিজেকে উড়িয়ে দেয় এবং পুরো মসজিদ ধোঁয়া ও ধূলায় ঢেকে যায়।”

গত ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় ১৩৪ শিক্ষার্থী নির্মমভাবে প্রাণ হারায়। ওই ঘটনার পর পাকিস্তান সরকার জঙ্গি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

কিন্তু এর পর দেশটিতে জঙ্গি হামলা রোধ করা সম্ভব হচ্ছে না। গত মাসেও শিয়াদের মসজিদে জঙ্গি হামলায় অনেক মানুষ প্রাণ হারায়।