আনোয়ারকে নিয়ে ট্যুইট, কার্টুনিস্ট গ্রেপ্তার
মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিমকে শাস্তি প্রদান করা বিচারকদের সমালোচনা করে টুইটারে উস্কানিমূলক বার্তা পোস্ট করায় দেশটির একজন কার্টুনিস্টকে গ্রেপ্তার করা হয়েছে।
আপিল বাতিল করে দিয়ে বিকৃত যৌনাচারের অভিযোগে মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করে।
মুসলিম প্রধান মালয়েশিয়ায় বিকৃত যৌনাচার আইনত নিষিদ্ধ। দেশটিতে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ২০ বছরের সাজা দেয়ার বিধান আছে।
জুলকিফলি আনোয়ার উল হককে (যিনি জুনার নামে পরিচিত) মঙ্গলবার রাতে আটক করা হয়।
মালয় ভাষায় এক টুইটার বার্তায় জুনার লেখেন, রাজনীতিবিদদের কাছ থেকে অর্থ নিয়ে বিচারকরা আনোয়ারের বিপক্ষে রায় দিয়েছেন।
মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয়ার পর জুনারকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ার ইব্রাহিমের মামলা নিয়ে সরকারের পক্ষ থেকে কোন চাপ দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী নজিব রাজাক।
তিনি বলেন, মালয়েশিয়ায় বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং সেখানে শীর্ষস্থানীয় বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা চলছে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেরনামা বুধবার জানায়, ৫২ বছর বয়সী জুনারকে শুক্রবার পর্যন্ত কারাগারে থাকতে হবে। এরপর পুলিশ তাদের তদন্ত শুরু করবে।
