২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন সংকট: দ্রুত আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

এখনই আলোচনায় না বসলে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 07:01 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

এছাড়া জাতিসংঘের পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের গৃহবন্দি দশা থেকে দ্রুত মুক্ত করার আহ্বানও জানানো হয়েছে।

সম্প্রতি হাউথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানার দখল নিয়েছে এবং দেশটির রাজনৈতিক পালাবদলের ঘোষণা দিয়েছে।

ইয়েমেন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারী কর্মকর্তা রয়টার্সকে বলেন, “আন্তর্জাতিক প্রতিনিধিদের শক্তিশালী ভূমিকা গ্রহণ করার সময় হয়েছে। ইরানের উসকানী নিয়ে সবাই চিন্তিত কিন্তু কেউই বিষয়টি নিয়ে কথা বলেছে না।”

অভিযোগ আছে ইরান হাউথি বিদ্রোহীদের অর্থ এবং সামরিক সাহায্য দিচ্ছে। যদিও ইরান সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

হাউথি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে, তারা ইয়েমেনের সংসদ বিলুপ্ত করতে যাচ্ছে এবং অন্তবর্তীকালীন সময়ে রাষ্ট্র পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি পরিষদকে নিয়োগ দিতে যাচ্ছে।

হাউথি সদস্য জামাল আল-সাউদি বলেন, “প্রেসিডেন্টের আকস্মিক পদত্যাগের কারণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে সেখান থেকে উত্তরণের জন্যই আমরা এ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।”

যদিও অন্যান্য রাজনৈতিক দলগুলো বিষয়টিকে ভালভাবে নেয়নি।

সুন্নিপন্থি দল ইসলাহ পার্টির রাশাদ আল-শারাবি বলেন, “হাউথিদের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নিশ্চিত ভাবেই দেশ নতুন করে সংঘর্ষের পথে এগিয়ে যাবে।”

ইয়েমেনের বিভিন্ন প্রদেশ থেকেও এই পরিকল্পনার সমালোচনা করা হয়েছে। দেশটির ‍দ্বিতীয় সর্বোচ্চ নগর আদেনের গভর্ণর আব্দেল আজিজ বিন হাবতুর বলেন, “এই পরিকল্পনা সংবিধান বিরুদ্ধ।”

গত বছর সেপ্টেম্বর থেকে সানার নিয়ন্ত্রণ নেয় হাউথিরা। জানুয়ারিতে প্রেসিডেন্ট আবেদ রাব্বু মনসুর হাদিকে পদত্যাগ করতে বাধ্য করে ।

নিউ ইয়র্কের নিরাপত্তা পরিষদের সদস্যরা ইয়েমেনের পরিস্থিতি নিয়ে ‘ভীষণভাবে উদ্বিগ্ন’। তারা দেশটির সবগুলো রাজনৈতিক দলকে জাতিসংঘের নেতৃত্বাধীন আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়, হাউথিদের এই সিদ্ধান্তের কারণে ঐক্যমত্যের ভিত্তিতে ইয়েমেনের রাজনৈতিক সংকট মোকাবেলা কোন ভাবেই সম্ভব হবে না।

বাহরাইন, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েত সরকারও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।