২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ নারী-পুরুষের সন্তানে ব্রিটিশ এমপিদের সায়

ঐতিহাসিক এক ভোটাভুটিতে একজন পুরুষ ও দুই নারীর শুক্রাণু-ডিম্বাণু ব্যবহার করে সন্তান জন্মদানকে বৈধতা দেওয়ার পক্ষে রায় দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা।   

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 12:52 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

পুরনো খবর:

৩ নারী-পুরুষের সন্তানের ‘বাবা-মা’ হবেন দুই জনই

যুক্তরাজ্যের হাউস অব কমনসে মঙ্গলবার এই ভোটাভুটিতে ৩৮২ জন এমপি ‘থ্রি পারসন ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)’ নামের এ পদ্ধতিকে আইনি বৈধতা দেওয়ার পক্ষে মত দেন। আর ১২৮ জন এমপি বিপক্ষে ভোট দেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

এখন হাউস অব অর্ডসের অনুমোদন পেলেই যুক্তরাজ্য হবে এ পদ্ধতিকে অনুমোদন দেওয়া প্রথম দেশ। সব ঠিক থাকলে এ পদ্ধতিতে প্রথম শিশুটি জন্ম নিতে পারে আগামী বছরই।

প্রতিবছর এ পদ্ধতিতে যুক্তরাজ্যে দেড়শ শিশুর জন্ম দেওয়া সম্ভব হবে বলে বিশেষজ্ঞদের ধারণা।

ব্রিটিশ বিশেষজ্ঞ প্যানেল বলছে, এ প্রক্রিয়ায় শিশুর দুরারোগ্য ব্যধি নিয়ে জন্মগ্রহণ ঠেকানো সম্ভব হবে। জিনগত ত্রুটির কারণে যেসব  দম্পতি সন্তান নিতে ভয় পাচ্ছেন, তাদের ভীতিও অনেকটা দূর হবে।

এই পদ্ধতি বহু পরিবারের জীবনে ‘আশার আলো’ জাগাবে বলে মত দেন হাউস অব কমনসের বিতর্কে অংশ নেওয়া মন্ত্রীরাও।  

অন্যদিকে এর বিরোধিতাকারীরা জানিয়েছেন, এ পদ্ধতি চালুর বিপক্ষে তারা লড়াই চালিয়ে যাবেন, কেননা নিরাপত্তার পাশাপাশি নৈতিকতার বিষয়গুলোও এর সঙ্গে জড়িত বলে তাদের বিশ্বাস। 

এই পক্ষের আশঙ্কা,  ‘থ্রি পারসন আইভিএফ’ পদ্ধতি শেষ পর্যন্ত বাবা-মায়ের চাহিদা মাফিক শিশু ‘তৈরির' দিকে নিয়ে যাবে।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাদের আশ্বস্ত করে বলেছেন, “আমরা খোদার ওপর খোদকারি করছি না। বাবা-মায়েরা যাতে একটি সুস্থ্য সবল সন্তান পান- তা নিশ্চিত করার চেষ্টা করছি মাত্র।” 

 

‘থ্রি পারসন আইভিএফ’

ভ্রুণের মাইটোকন্ড্রিয়ায় ত্রুটি থাকলে সন্তান হৃৎপিণ্ড, যকৃত, চোখ, পেশিতন্ত্র বা মস্তিষ্কে বড় ধরনের জটিলতা বা অসুস্থতা নিয়ে জন্ম নিতে পারে। সেই রুগ্ন মাইটোকন্ড্রিয়া সরিয়ে ফেলে অন্য একটি সুস্থ ভ্রুণের মাইটোকন্ড্রিয়া প্রতিস্থাপন করা হবে এ পদ্ধতিতে৷

এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের ‘পাওয়ার স্টেশন’, যা সব জীবিত কোষেই থাকে। আর শিশুর দেহে রুগ্ন মাইটোকন্ড্রিয়া আসে মায়ের ডিম্বাণুর মাধ্যমে।

বিজ্ঞানীরা বলছেন, বিশ্বে প্রতি ৬ হাজার শিশুর মধ্যে একটি এ ধরনের জটিলতা বা ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে৷  এসব শিশুর কোষ দেহের জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি করতে পারে না বলে অধিকাংশ ক্ষেত্রে তার মৃত্যু হয়।

এ কারণেই ‘থ্রি পারসন আইভিএফ’ পদ্ধতিতে শিশুর জন্ম দিতে গেলে একজন দাতা নারীর প্রয়োজন হবে, যার কাছ থেকে নেওয়া হবে সুস্থ মাইটোকন্ড্রিয়াসহ ডিম্বাণু।

নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দুইভাবে ‘থ্রি পারসন আইভিএফ' করার সম্ভাবনার কথা বলছেন।

প্রথম পদ্ধতিতে দুই নারীর দুটি ডিম্বাণু হবু বাবার শুক্রাণুর মাধ্যমে নিষিক্ত করা হবে৷ এরপর দুটি ভ্রুণ থেকে সরিয়ে নেওয়া হবে নিউক্লিয়াস, যা কোষের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত।

এরপর দাতার ডিম্বাণু থেকে তৈরি ভ্রুণের নিউক্লিয়াসের জায়গায় বসানো হবে হবু মায়ের ডিম্বাণু থেকে তৈরি ভ্রুণের নিউক্লিয়াস৷ এর ফলে মায়ের মাইটোকন্ড্রিয়ার ত্রুটি আর এ ভ্রুণে থাকবে না৷ এই ভ্রুণটিই মায়ের জরায়ুতে স্থাপন করা হবে৷

 

দ্বিতীয় পদ্ধতিতে নিউক্লিয়াস প্রতিস্থাপনের কাজটি করা হবে ডিম্বাণু নিষিক্ত করার আগেই৷ অর্থাৎ, দুই নারীর দুটি ডিম্বাণু থেকে নিউক্লিয়াস সরিয়ে নেওয়া হবে৷  এরপর দাতার ডিম্বাণু থেকে নেওয়া নিউক্লিয়াসটি নষ্ট করে ফেলে সেখানে বসানো হবে হবু মায়ের ডিম্বাণু থেকে নেওয়া নিউক্লিয়াস৷

এতে মায়ের মাইটোকন্ড্রিয়ার ত্রুটি আর ওই ডিম্বাণুতে থাকবে না৷ এরপর হবু বাবার শুক্রাণুর মাধ্যমে নিষিক্ত করে হবু মায়ের জরায়ুতে সেটি স্থাপন করা হবে৷

তবে এ পদ্ধতিতে দাতার  ডিএনএর ১ শতাংশ তথ্য শিশুর দেহেও যেতে পারে। ফলে এ ধরনের শিশুদের দেহে তিনজনের জেনেটিক তথ্যই থাকতে পারে।

তবে ব্রিটিশ সরকার যে নীতিমালা করছে তাতে শিশুর সঙ্গে ডিম্বাণুদাতা নারীর কোনো সম্পর্ক স্বীকৃত হবে না। ওই নারী সম্পর্কে কোনো তথ্য পাওয়ার অধিকারও শিশুটির থাকবে না।

এ পদ্ধতিতে প্রতিটি শিশুর জন্ম দেওয়ার ক্ষেত্রে বিকলাঙ্গ হওয়া বা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি খতিয়ে দেখতে হবে। যেসব ক্লিনিক এ পদ্ধতি ব্যবহার করবে তাদের আলাদা লাইসেন্স নিতে হবে।