২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে ফরাসি বাহিনীর অভিযানে ১২ জঙ্গি নিহত

উত্তর মালিতে মোতায়েন ফরাসি বাহিনীর অভিযানে ১২ জনের মতো ইসলামপন্থি জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Feb 2015, 02:31 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

মালির উত্তরাঞ্চলীয় আদরার দে ইফোঘাস পর্বত এলাকায় অভিযানটি চালানো হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

শনিবার রাতে অভিযানটি চালানো হয়েছে এবং অভিযানে কোনো ফরাসি সেনা নিহত হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

মালির সামরিক সূত্রগুলো জানিয়েছে, তুয়ারেগ বিদ্রোহীদের শক্তিকেন্দ্র মরুশহর কিদাল থেকে ১২০ কিলোমিটার দূরে বুরেইসা ও আবেইসা এলাকার মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়েছে ফরাসি বাহিনী।

আকাশপথে চালানো গোয়েন্দা পর্যবেক্ষণের মাধ্যমে ওই জঙ্গিদলটিকে চিহ্নিত করে ফরাসি স্থল বাহিনী অভিযানটি পরিচালনা করে বলে জানিয়েছেন মালির একটি সূত্র।

সাহারা মরুভূমি ও সংলগ্ন ঊষর এলাকা সাহেলে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য উত্তর মালির সীমান্ত এলাকায় ৩,০০০ সেনা মোতায়েন করেছে ফ্রান্স।

প্রায় দুই বছর আগে ফরাসি বাহিনীর অভিযানে উত্তর মালি আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের দখল মুক্ত হয়।

তারপর থেকে এলাকাটি ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীগুলোর ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিচ্ছিন্ন হামলার ক্ষেত্রে পরিণত হয়েছে। যদিও এলাকাটিতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ১০,০০০ সেনার শক্তিশালী একটি বাহিনী মোতায়েন আছে।