আনসার আল শরিয়ার হামলায় ইয়েমেনে নিহত ১০
ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহী ও সেনাবাহিনীর বিরুদ্ধে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সুন্নি জঙ্গিগোষ্ঠী আনসার আল শরিয়ার চালানো চারদিনের বিভিন্ন হামলায় অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
রোববার ইয়েমেনের স্থানীয় কর্মকর্তারা ও জঙ্গিগোষ্ঠীটি এসব তথ্য জানিয়েছে।
প্রায় দুই সপ্তাহ আগে ইয়েমেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর থেকে ইয়েমেনের পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এরআগে দেশের উপর নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টায় হুথি বিদ্রোহীরা প্রেসিডেন্টের প্রাসাদ ঘেরাও করে রাষ্ট্রপ্রধানকে অন্তরীণ করে রেখেছিল।
হুথিদের উত্থানে সুন্নি জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সুন্নি জঙ্গিরা ও সুন্নি উপজাতিরাও উত্তেজিত হয়ে উঠে।
রোববার নিজেদের ট্যুইটার একাউন্টে আনসার আল শরিয়া জানিয়েছে, তাদের সদস্যরা ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর ইব এ হুথি কমান্ডার আবু আবদুল্লাহ আল আয়াদিকে হত্যা করেছে।
শহরটির সরকারি কর্মকর্তারা আয়াদি নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি তারা।
শনিবার দক্ষিণাঞ্চলীয় শহর আবিয়ানের একটি তল্লাশি চৌকিতে তাদের হামলায় দুই সেনা নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে জঙ্গিগোষ্ঠীটি।
ওই এলাকার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে অন্ততপক্ষে তিন আনসার আল শরিয়া সদস্যও নিহত হয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ লাহজে শুক্রবার একজন সেনা কর্মকর্তাকে গুলি করেছে বলে জানিয়েছে জঙ্গিগোষ্ঠিটি, বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় প্রদেশ আল বাইদা’য় তিন হুথি যোদ্ধাকে হত্যা করেছে বলেও জানিয়েছে।
২০১১ সাল থেকেই প্রতিদ্বন্দ্বি বিভিন্ন গোষ্ঠির দ্বন্দ্বে অস্থির হয়ে আছে ইয়েমেন।
