২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে গোলাবর্ষণে নিহত ১৫

ইউক্রেইনের পূর্বাঞ্চলের বন্দর নগর মারিউপলে প্রচণ্ড গোলাবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Jan 2015, 09:47 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দাবি, সরকার বিরোধীরা ও রাশিয়ার সেনাবাহিনী শনিবারের এই হামলা চালিয়েছে।

হামলায় ১৫ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছে বলে মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়।

তবে বিদ্রোহীরা এই হামলার দায় অস্বীকার করেছে।

মারিউপলের পূর্বাঞ্চলের বাসিন্দা ৭৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা লিওনিড ভাসিলেঙ্ক টেলিফোনে রয়টার্সকে বলেন, “প্রচণ্ড গোলাবর্ষণের ফলে আমার ঘরের দেয়ালগুলো কাঁপছিল, জানালার ফ্রেমগুলো ঝাঁকি খাচ্ছিল, ঘরের চটা খসে পড়তে শুরু করেছিল।”

“আমি বেসমেন্টে লুকিয়ে ছিলাম। এছাড়া আর কি বা করার ছিল? আমি আমার কুকুর ও বিড়ালটিও সঙ্গে নিয়েছিলাম। বেসমেন্টে বসে মনে হচ্ছিল পৃথিবী তান্ডব নৃত্য করছে।”

নগর কর্তৃপক্ষ জানায়, বিদ্রোহীরা দূরপাল্লার ক্ষেপনাস্ত্র দিয়ে একটি বহুতল ভবনে আঘাত হানে। গোলার আঘাতে ভবনটিতে আগুন ধরে যায় এবং ভবনটি গুড়িয়ে যায়।

অনলাইনে এক বিবৃতিতে ইউক্রেইনের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলেকজান্ডার তুরচিনভ এ ঘটনার বর্ণনায় বলেন, “মানবতার বিরুদ্ধে সংগঠিত আরেকটি অপরাধ এটি। পূর্ণ সচেতনভাবে রাশিয়ার সেনাবাহিনী ও বিদ্রোহীরা মিলে এই হামলা চালিয়েছে।”

নয় মাস আগে ইউক্রেইনে রাশিয়াপন্থি বিদ্রোহী ও সরকারী বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। গত সেপ্টেম্বরে উভয় পক্ষ যুদ্ধ বিরতি চূক্তিতে একমত হলেও কেউই তা মানছে না।

শুক্রবার জাতিসংঘ জানায়, গত নয় দিনের সংঘর্ষে ইউক্রেইনে ২৬২ জন নিহত হয়েছে। যুদ্ধ বিরতির পর দেশটি সবচেয়ে সংঘর্ষময় সময় পার করছে।