২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে রাশিয়ার ৯,০০০ সেনা আছে: পোরোশেঙ্কো

বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সমর্থন দিতে ইউক্রেইনের পূর্বাংশে রাশিয়া ৯,০০০ হাজার সেনা পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।

রয়টার্স

রয়টার্স

Published : 22 Jan 2015, 02:49 PM

Updated : 12 Oct 2022, 03:12 PM

বুধবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সম্মেলনে এ অভিযোগ করেছেন তিনি।

পোরোশেঙ্কোর অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে তা প্রমাণ করতে বলেছে রাশিয়া। অপরদিকে পোরোশেঙ্কোর অভিযোগে সমর্থন দিয়েছে নেটো। ২০১৪ সালের সেপ্টেম্বরে বেলারুশের রাজধানী মিনস্কে সংঘাত শেষ করতে ইউক্রেইন, রাশিয়া ও রুশপন্থি বিদ্রোহী নেতাদের মধ্যে একটি শান্তি পরিকল্পনা সই হয়েছিল। ওই শান্তি পরিকল্পনায় অস্ত্রবিরতি, ইউক্রেইন থেকে বিদেশি সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়ার বিষয়ে সমঝোতা হয়েছিল। কিন্তু সেপ্টেম্বরে অস্ত্রবিরতি শুরু হওয়ার পর থেকে বারবার লঙ্ঘিত হয়েছে এবং এ পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছেন। মস্কোকে ওই শান্তি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বানও জানিয়েছেন পোরোশেঙ্কো। তিনি বলেছেন, “সমাধান খুব সহজ- অস্ত্র সরবরাহ বন্ধ করুন, সেনাদের ফিরিয়ে নিন এবং সীমান্ত বন্ধ করে দিন।” “আপনারা যদি অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করতে চান, তার অর্থ হবে আপনারা শান্তি চান না, আপনারা লড়াই চান।” রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই অভিযোগ খণ্ডন করে বলেছেন, “আপনি যখন এত আত্মবিশ্বাস নিয়ে অভিযোগ করছেন, তাহলে প্রমাণ দিন। কিন্তু কেউ কোনো প্রমাণ দিতে পারছে না, অথবা দিতেও চান না।” ২০১৪ সালের এপ্রিল থেকে ইউক্রেইনের বিদ্রোহী লড়াইয়ের এ পর্যন্ত ৪,৮০০ জন মানুষ নিহত হয়েছেন।