সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৩
সিরিয়ায় উত্তর-পূর্বাঞ্চলীয় তেল হামিস শহরে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ (এসওএইচআর) একথা জানিয়েছে।
এসওএইচআর এর পরিচালক রমি আব্দেল রহমান বলেছেন, মঙ্গলবার দিনশেষে চালানো ওই হামলায় কয়েকজন গুরুতর আহত হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
অবজারভেটরি বলছে, গত তিনমাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সিরিয়া কর্তৃপক্ষ বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে ৫ হাজার ০১২ টি হামলা চালিয়েছে। এসব বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ১,০৫৭ জন। এর মধ্যে ২৩৯ জন শিশু।
জাতিসংঘের হিসাবমতে, ২০১১ সালের মার্চে সিরিয়ায় গৃহযুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।
