২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার এশিয়া বিধ্বস্তের কারণ ‘সন্ত্রাস নয়’

সন্ত্রাসী তৎপরতার কারণে এয়ার এশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়নি বলেই মনে করছেন ইন্দোনেশিয়ার তদন্তকারীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 08:26 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

বিমানের ককপিটের ভয়েস রেকর্ডারের তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা এই প্রথম এ মন্তব্য করলেন।

গত মাসে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী কিউজেড৮৫০১ জাভা সাগরে বিধ্বস্ত হয় এবং বিমানের ১৬২ জন আরোহীর কাউকে জীবিত খুঁজে পাওয়া যায়নি।

বিবিসি জানায়, সোমবার আরো দুইটি মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫৩টি মৃতদেহ খুঁজে পাওয়া গেল।

ইন্দোনেশিয়ার পরিবহন নিরাপত্তা কমিটির ১০ সদস্যের তদন্ত দলের কর্মকর্তা আন্দ্রেস হানান্টো রয়টার্সকে বলেন, “বিমানের ককপিটের ভয়েস রেকর্ডারে উল্টা-পাল্টা কিছু বা হুমকি মূলক কোন কথা খুঁজে পাওয়া যায়নি।”

২৮ ডিসেম্বর যাত্রাপথের প্রায় মাঝামাঝি সময়ে হঠাৎ করেই এয়ারবাস এ৩২০-২০০ এর সঙ্গে বিমানবন্দরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইন্দোনেশিয়ার বোর্নেও উপকূলে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে সন্ত্রাসীদের জড়িত থাকার কোন প্রমাণ পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে হানান্টো বলেন, “না, কারণ যদি সেখানে সন্ত্রাসীরা থাকত তবে রেকর্ডারে হুমকি মূলক কোন ধরণের কথা-বার্তা থাকত।”

“বরং রেকর্ডারে পাওয়া তথ্যানুযায়ী, সঙ্কটজনক মুহূর্তে পাইলট বিমানটি নিয়ন্ত্রণের চেষ্টায় ব্যস্ত ছিলেন।”

তদন্ত কর্মকর্তারা জানান, তারা দুই ঘণ্টার পুরো রেকর্ডারটি শুনেছেন। তবে অনুবাদের কাজ মাত্র অর্ধেকটা হয়েছে।
আরেক তদন্ত কর্মকর্তা নুরকাহইয়ো উটোমো বলেন, “আমরা পাইলটদের আওয়াজ ছাড়া অন্য কোন যাত্রীর আওয়াজ ভয়েস রেকর্ডারে শুনতে পাইনি।”

“আমরা কোন বন্দুকের গুলি বা বিস্ফোরণের আওয়াজ পাইনি। তাই এখন পর্যন্ত এর ওপর ভিত্তি করে আমরা সন্ত্রাসী হামলার আশঙ্কা বাতিল করে দিচ্ছি।”

রেকর্ডারের শেষ কয়েক মিনিট শুধু ‘যন্ত্রপাতির শব্দ এবং সতর্কবার্তা’ শোনা গেছে বলে জানান হানান্টো।

তদন্ত কর্মকর্তাদের ধারণা ‘খুব সম্ভবত খারাপ আবহাওয়ার কারণেই’ দুর্ঘটনাটি ঘটেছে। তবে এজন্য আরো তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে তদন্ত দল।