সন্ত্রাসী হুমকিতে উচ্চ সতর্কাবস্থায় ইউরোপ
সন্ত্রাসবিরোধী অভিযান ও সন্দেহভাজন ইসলামিক জঙ্গিদের গ্রেপ্তারের পর উচ্চ নিরাপত্তা সতর্কাবস্থায় আছে পুরো ইউরোপ।
কয়েকদিনে বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানিতে ২০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে বিবিসি।
ফ্রান্সের পাশাপাশি বেলজিয়ামও দেশজুড়ে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করেছে।
গেল সপ্তাহে প্যারিসে জঙ্গি হামলায় ১৭ জন নিহত হওয়ার পর ইউরোপের বেশ কয়েকটি দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে জঙ্গিগোষ্ঠীগুলোর হয়ে লড়াই করতে যাওয়া ইউরোপীয় তরুণরা ফিরে আসায় ইউরোপজুড়ে সন্ত্রাসী হামলার উদ্বেগ বেড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বেলজিয়ামে শুরু হওয়া জঙ্গিবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে শুক্রবার “সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতায় জড়িত থাকার” অভিযোগ আনা হয়েছে।
রাতভর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক এবং পুলিশের পোশাক এবং বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ।
