বেলজিয়ামে দুই ‘জিহাদি’ নিহত
বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজন দুই ‘জিহাদি’ নিহত হয়েছেন।
দেশটির পূর্বাঞ্চলে বারবিয়েস নামক এলাকায় এই অভিযান চালানো হয় বলে কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে।
অভিযানে তৃতীয় অপর এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ।
দেশটির আইন কর্মকর্তা এরিক ভান দের সিপ্ট সাংবাদিকদের বলেন, সিরিয়া ফেরত সন্দেহভাজন কয়েকজন ‘জিহাদি’ হামলার পরিকল্পনা করছিল। তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিতে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালায়।
তিনি আরো বলেন, পুলিশ দেখা মাত্র সন্দেহভাজনরা গুলি ছুঁড়তে শুরু করেছিল। ব্রাসেলসে সারারাত অভিযান চালিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বারবিয়েস এলাকায় অভিযান সম্পর্কে সিপ্ট বলেন, “সন্দেহভাজনরা মৃত্যুর আগ পর্যন্ত বেশ কিছুক্ষণ কেন্দ্রীয় পুলিশের বিশেষ ইউনিটের সদস্যদের ওপর সমরাস্ত্র দিয়ে গুলি ছোঁড়ে ও হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়।”
অভিযান শেষে চারটি কালাশিনিকভ, বোমা তৈরির সরঞ্জাম এবং পুলিশের পোশাক পাওয়া যায় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ব্রাসেলস এবং আশপাশের শহরগুলোসহ দেশটির বিভিন্ন এলাকায় অন্ততপক্ষে ১০টি অভিযান চালানো হয়েছে।
এরআগে বৃহস্পতিবার দিনের প্রথমভাগে ব্রাসেলসের কাছাকাছি জাভেনটামে দুই সন্দেহভাজন জিহাদিকে গ্রেপ্তার করা হয়।
বেলজিয়ামের কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়া ও ইরাকে ইসলামি জঙ্গি গোষ্ঠীর পক্ষে লড়াই করতে বেলজিয়ামের প্রায় ৩০০ নাগরিক দেশত্যাগ করেছে।
দেশটিতে সন্ত্রাসী হুমকির ব্যাপারে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
প্যারিসে বিদ্রুপ ম্যাগাজিন শার্লে এবদুর কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ইউরোপের বেশকিছু দেশে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে।
