২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিতে বোকো হারামের ধংসযজ্ঞ

নাইজেরিয়ার শহরগুলোতে স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যাচ্ছে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের ব্যাপক ধ্বংসযজ্ঞ। তাদের এ ধ্বংসযজ্ঞে মৃতের সংখ্যাও নেহাত কম নয়, বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 04:30 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

নিচের পরপর দুটি ছবি এ মাসেরই বাগা এবং ডোরোন বাগা শহরের। উপরের ছবিটি বোকো হারামের হামলার আগে (২ জানুয়ারি)। আর নিচের ছবিটি বোকো হারামের হামলার পরের (৭ জানুয়ারি)। লাল চিহ্নিত অংশগুলো দিয়ে বাড়িঘর ও গাছপালা ধ্বংস বোঝানো হয়েছে।শহরদুটিতে প্রায় ৩ হাজার ৭শ’ বাড়িঘর ধ্বংস হয়েছে।

বোকো হারাম এই শহরগুলোতে অন্তত ২ হাজারের মত মানুষকে হত্যা করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নাইজেরিয়া সরকার মৃতের সংখ্যা ১৫০ উল্লেখ করে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।

অ্যামনেস্টি জানিয়েছে, নাইজেরিয়ার প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের বাগা এবং ডোরোন বাগাত এটিই বোকো হারামের সবচে বড় এবং প্রাণঘাতী ধংসযজ্ঞ। বাগায় ধ্বংস হয়েছে ৬২০ টি বাড়িঘর এবং ডোরোন বাগায় ৩ হাজার ১শ’টি।

প্রত্যক্ষদর্শীরা বোকো হারাম জঙ্গিদেরকে নির্বিচারে মানুষ হত্যা করতে দেখার কথা জানিয়েছে।তারা যে ধ্বংস ডেকে এনেছে তা ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি।

হামলায় বিপর্যস্ত এলাকাগুলোও ছবিতে দেখানো হয়েছে। মাত্র চারদিনের ব্যবধানে একটি অংশ প্রায় মানচিত্র থেকে মুছেই গেছে। তবে ছবিতে ধ্বংসলীলা দেখা গেলেও এতে কত মানুষ মারা গেছে তা নির্ধারণ করা যায়নি বলে এক বিবৃতিতে জানিয়েছেন অ্যামনেস্টির গবেষক ড্যানিয়েল ইরে।

তবে গত সপ্তাহে ওই এলাকার এক ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা বলেছেন, বাগা থেকে পালিয়ে আসা লোকজনরা তাকে বলেছে যে, ওই শহরের প্রায় ১০ হাজার অধিবাসীর বেশিরভাগেরই কোনো চিহ্ন নেই।শহরটি পুরোই জ্বালিয়ে দেয়া হয়েছে। ৭ জানুয়ারিতে জঙ্গিরা শহরটিতে হামলা চালায়।