ফেইসবুকে সহিংস ভিডিও’র ওপর বাধানিষেধ
ফেইসবুক কর্তৃপক্ষ তাদের সাইটে পোস্ট করা সহিংস ভিডিও ক্লিপ এবং ছবির ওপর বাধানিষেধ আরোপ করছে।
সাইটে পোস্ট করা আপত্তিকর এ ধরনের ভিডিও’র ওপর সতর্কবার্তা বা এলার্ট দেয়া ছাড়াও ১৮ বছরের কম বয়সীদের গ্রাফিক ভিডিও ও ছবি দেখা ঠেকানোর ব্যবস্থা করছে ফেইসবুক।
ভিডিও এলার্ট থাকার কারণে এ সমস্ত ভিডিওর ওপর ক্লিক না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
সহিংসতা, যৌনতা এবং আরো নানা স্পর্শকাতর ভিডিও ছবির ক্ষেত্রে এই এলার্ট চালুর ব্যবস্থা করছে ফেইসবুক। একইসঙ্গে সরিয়ে নিচ্ছে শিরশ্ছেদের মতো সহিংস ভিডিও এবং ছবিগুলো।
অল্পবয়স্ক ও দুর্বলচিত্তের মানুষদের ওপর এর নেতিবাচক প্রভাবের কথা ভেবেই নেয়া হচ্ছে এ ব্যবস্থা। তবে সমালোচকদের মতে, ফেইসবুকের এ ব্যবস্থাই যথেষ্ট নয়।
গত কয়েক বছর ধরে ফেইসবুক কর্তৃপক্ষকে ক্রমাগত এ সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে যে, তারা ব্যবহারকারীদেরকে তাদের সাইটে ধরে রাখতে আপত্তিকর এবং গ্রাফিক ছবি ও ভিডিও পোস্ট করার অনুমতি দিচ্ছে।
যদিও যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানিটির নির্দেশিকা অনুযায়ী, তাদের সাইটে হতাশা বাড়ায় অথবা সহিংসতা উস্কে দেয় এমন কিছু পোস্ট করা নিষিদ্ধ।
তবে শিরশ্ছেদ বা অন্যান্য ধরনের হত্যার সংবাদ প্রতিবেদন ও ছবি প্রকাশ করার অনুমতি রয়েছে। যদিও এ ধরনের ছবি এবং প্রতিবেদন হতাশা বাড়ায়।
ফেইসবুক ১৩ বছরের কম বয়সী শিশুদেরও তাদের সদস্য করার অনুমতি দিয়েছে। যদিও এরকম ক্ষেত্রে ব্যবহারকারী সাধারণত মিথ্যা তথ্য দিয়ে ফেইসবুকে যুক্ত হয়।
