আফগানিস্তানে ঐক্য সরকার ঘোষণা
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি শপথ নেয়ার তিন মাসেরও বেশি সময় পর তার নতুন ঐক্য সরকার ঘোষণা করেছেন।
কাবুলে একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট গনি ও সরকারের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রীর নাম পড়ে শোনানো হয়।
গত বছর আফগানিস্তানে অনুষ্ঠিত নির্বাচনের পর বিরোধে জড়িয়ে পড়া দুই প্রতিপক্ষ আশরাফ গনি এবং আবদু্ল্লাহ আবদুল্লাহের মধ্যে কয়েক মাসের আলোচনার পর এ সরকার ঘোষিত হল। এ মন্ত্রিপরিষদটি এখন সংসদে অনুমোদন পেতে হবে।
গনির মন্ত্রিপরিষদে তিনজন নারী রয়েছেন। তারা নারী বিষয়ক মন্ত্রনালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
গনির নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সালাউদ্দিন রব্বানি। তিনি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানির ছেলে। ২০১১ সালে আত্মঘাতী বোমা হামলায় মারা যান বুরহানুদ্দিন।
আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং জাতীয় নিরাপত্তা পরিচালনা পর্ষদের নামও ঘোষণা করা হয়েছে।
