নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শক্তিশালী ভূমিকম্প
নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে বিবিসি।
দ্বীপের আর্থার পাস এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি যা দ্বীপের প্রধান শহর ক্রাইস্টচার্চ থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি।
২০১১ সালে ক্রাইস্টচার্চে এক শক্তিশালী ভূমিকম্পে ১৮৫ জন নিহত হওয়ার পর এটিই এই এলাকায় সংঘটিত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
ওই ভূমিকম্পে ক্রাইস্টচার্চের ডাউনটাউন এলাকাটি প্রায় বিধ্বস্ত হয়ে গিয়েছিল। ওই এলাকার পুনর্র্নিমাণ কাজ এখনও চলছে।
নিউজিল্যান্ডের প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ বিভাগ জিয়োনেট মঙ্গলবার সকালের ভূমিকম্পটিকে “মারাত্মক” বলে বর্ণনা করে ভূমিকম্পটির উৎপত্তি ভূগর্ভের মাত্র র্পাঁচ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে।
ভূমিকম্পের পরবর্তী চারঘণ্টায় সর্বোচ্চ চার দশমিক দুই মাত্রার ৩০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে বলে জানিয়েছে জিয়োনেট। ৫ মাত্রার একটিসহ আরো বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হতে পারে বলে দ্বীপবাসীদের সতর্ক করা হয়েছে।
