যুক্তরাষ্ট্রের ‘বৈরী’ নিষেধাজ্ঞার সমালোচনায় উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে পিয়ংইয়ং।
সনি পিকচার্সের বিরুদ্ধে সাইবার হামলার জবাবে এ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ‘বৈরী ও উত্তেজনাকর’ নীতি নিয়েছে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া।
এ সাইবার হামলার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রকে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছিল উত্তর কোরিয়া। কিন্তু তা অগ্রাহ্য করে গত সপ্তাহে উত্তর কোরিয়ার তিনটি সংগঠন এবং ১০ ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ রোববার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে নিঃষেশ করে দেয়ার যে নীতি নিয়েছে তাতে ডিপিআরকে’র সারবভৌমত্ব রক্ষার মনোভাবই কেবল আরো দৃঢ় হবে।
সনি সাইবার হামলার অজুহাতে উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র একঘরে করতে চাইছে বলে অভিযোগ করেছে দেশটি। তাছাড়া, যুক্তরাষ্ট্র যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৈরী নীতি থেকে এখনো সরে আসেনি আরোপিত নতুন নিষেধাজ্ঞাই তা প্রমাণ করেছে বলেও মন্তব্য করেছে পিয়ংইয়ং।
সনি পিকচার্সের বিরুদ্ধে চালানো সাইবার হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া। কিন্তু এ হামলার জেরে ওবামা শুক্রবার এক নির্বাহী আদেশে উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন।
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ওপর আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে সাইবার হামলা নিয়ে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা সম্ভবত এটাই প্রথম ।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে গুপ্ত হত্যা চেষ্টার গল্প নিয়ে একটি কমেডি সিনেমা তৈরি করে সনি পিকচার্স। ‘দ্য ইন্টারভিউ’ নামের এই ছবিটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু তার আগেই নভেম্বরের শেষদিকে সনি পিকচার্স বড় ধরনের সাইবার হামলার শিকার হয়। এতে ঘোষিত তারিখে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে সনি। এ সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে যুক্তরাষ্ট্র।
