সিরিয়ায় গণকবরে ৭০ জনের দেহাবশেষ
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হত্যার শিকার ৭০ জনের একটি গণকবর আবিষ্কৃত হয়েছে।
উগ্রবাদী সুন্নি মৌলবাদীদের এই সংগঠনটির উত্থানের প্রথম দিকে এদের হত্যা করা হয় বলে সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সানা এই খবর জানিয়েছে।
সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দির আল-জোর প্রদেশে একটি গণকবরে নিহতদের দেহাবশেষের সন্ধান পাওয়া যায়।
গণকবরটিতে পাওয়া লাশগুলো দির আল-জোরের ১০০ কিলোমিটার পূর্বে আল-বাহরা গ্রামের অধিবাসীদের। এরমধ্যে বেশিরভাগই আল-শোয়েতাত গোত্রের।
আল-শোয়েতাত গোত্র সুন্নি মৌলবাদী গোষ্ঠী আইএসের কাছে বশ্যতা স্বীকার করতে অস্বীকৃতি জানায়। কিন্তু তেলসমৃদ্ধ এই প্রদেশে হামলা চালিয়ে দখল করে আইএস জঙ্গিরা।
নিহতদের অধিকাংশকেই গুলি করে হত্যা করা হয়েছে। বেশ কয়েকজনের শিরশ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া ও সানা।
চলতি মাসের ১৭ তারিখ কিশকিয়েহ গ্রামের অধিবাসীদের একটি গণকবরের খোঁজ পাওয়া যায়। এই হতভাগ্যরাও আইএস জঙ্গিদের নির্মমতার শিকার।
