প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে আসছেন আরেক বুশ
বাবা ও ভাইয়ের পথ ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান জেব বুশ। ফ্লোরিডার সাবেক এই রিপাবলিকান গভর্নর ২০১৬ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেবেন অচিরেই।
‘দ্য ইন্ডিপেনডেন্ট’ জানায়, গত রোববার জেব বুশ মিয়ামি টিভিকে এক সাক্ষাৎকারে বলেছেন, এক মাসের মধ্যেই এ পরিকল্পনা ঘোষণা করতে চান তিনি।
প্রেসিডেন্ট পদপ্রার্থিতা নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনী প্রচার শুরুর প্রস্তুতি নেয়ার সিদ্ধান্তও হয়ে গেছে বলে এরই মধ্যে ফেইসবুক এবং ট্যুইটারে এক সংক্ষিপ্ত বার্তা দিয়ে বুশ তার পরিকল্পনা একরকম নিশ্চিতই করে ফেলেছেন।
থ্যাংক্সগিভিং ডে-র ছুটির অবকাশে প্রেসিডেন্ট প্রার্থিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বার্তায় তিনি লেখেন, ‘এসব আলোচনা এবং আমেরিকার যে ধরনের বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন বলে আমি মনে করি তা নিয়ে গুরুগম্ভীর বিচার-বিবেচনার পরিপ্রেক্ষিতে আমি সাগ্রহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছি"।
‘আগামী কয়েক মাসে আমি আপনাদের অনেকের সঙ্গেই সাক্ষাৎ করব এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিগুলো নতুন করে পূরণের বিষয়টি নিয়ে আলোচনা করব"।
জেব বুশের এ সিদ্ধান্ত দলের সম্ভাবনাময় রক্ষণশীল প্রেসিডেন্ট পদপ্রার্থীদের সঙ্গে তার বিরোধ উস্কে দেবে বলেই মনে করা হচ্ছে। অভিবাসন নীতিতে জেব বুশের মধ্যপন্থি অবস্থানে ঘোর আপত্তি আছে দলের ডানপন্থি সদস্যদের। প্রেসিডেন্ট পদপ্রার্থিতা লাভের জন্য নীতিতে ছাড় দেয়ার কোনো আভাসও দেননি তিনি।
ডেমোক্র্যাটিক দলের সম্ভাবনাময় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের শক্তিশালী প্রতিপক্ষ হিসাবেই জেব বুশ প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর ঘোষণা দিতে চান, বলছেন তার সহযোগীরা।
