টাকা পুড়িয়ে বিদ্যুৎ!
বিভিন্ন প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদনের খবর আমরা জানি। কিন্তু তাই বলে টাকা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন! কিছুটা বিস্ময়করই বটে! কিন্তু এমনটাই ঘটেছে চীনের একটি শহরে।
চীনা এক শহরের একটি কোম্পানির কাছে পোড়ানোর মতো প্রচুর অর্থ আছে, আর তা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করছে কোম্পানিটি।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ায় প্রকাশতি এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের লুওয়াং শহরের এই বিদ্যুৎ উৎপাদন কোম্পানিটি কয়লার পরিবর্তে পুরনো ও ক্ষতিগ্রস্ত ব্যাঙ্কনোট পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করে। চীনে প্রথমবারের মতো এভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছে সিনহুয়া।
কোম্পানিটি জানিয়েছে, এক টন ব্যাঙ্কনোট পুড়িয়ে ৬০০ কিলোওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা করা যায় এবং কয়লার পরিবর্তে নোট পুড়িয়ে বিদ্যুৎ করা পরিবেশের জন্যও ভালো।
চীনের কেন্দ্রীয় ব্যাঙ্ক, পিপলস ব্যাঙ্ক অব চায়না (চীনের জনগণের ব্যাঙ্ক) এই নোট পুড়ানোর অনুমতি দিয়ে বলেছে, এটি বিদ্যুৎ উৎপাদনের একটি ভালো পদ্ধতি।
কেন্দ্রীয় ব্যাঙ্কের এক কর্মকর্তা সিনহুয়াকে বলেছেন, “প্রদেশটির অব্যবহৃত কাগজের ‘টাকা’ দিয়ে বার্ষিক ১৩ লাখ ২০ হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এই পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে ৪,০০০ টন কয়লা পোড়াতে হত।”
চীনে অব্যবহৃত ব্যাঙ্কনোট সাধারণ কাগজ দিয়ে উৎপাদিত জিনিসিপত্র তৈরিতে ব্যবহার করা হয়।
বিদ্যুৎ উৎপাদনের ব্যাঙ্কনোট ব্যবহারে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত চীনা নাগরিকদের মধ্যেও কৌতূহল তৈরি করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম উয়িবো’র এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “টাকা পোড়ানো? লুওয়াং এত ধনী শহর!”
অপর আরেকজন মন্তব্য করেছেন, “আমি এক বছর বিদ্যুৎবিহীন অবস্থায় থাকবো, প্লিজ টাকার একটি স্তুপ আমাকে দিয়ে দিন।”
তবে আরেকজন দিয়েছেন একটি পরামর্শ , “আমাকে একজন কর্মী হিসেবে নিয়োগ দিন, আমি একটি টাকাও সরাবো না।”
