ফরাসি জিম্মিকে মুক্তি দিয়েছে আল-কায়েদা
মালির জঙ্গি সংগঠন ‘আল-কায়দা ইন দ্য ইলামিক ম্যাঘরেব’ (একিউআইএম) ফ্রান্সের একজন জিম্মিকে মুক্তি দিয়েছে।
গোপন বন্দি বিনিময় চূক্তি অনুযায়ী আল কায়েদার দুই জঙ্গির মুক্তির বিনিময়ে ফরাসি জিম্মিকে মুক্তি দেয়া হয় বলে খবর পাওয়া গেছে। সেরজো লেজাহেভিচকে অপহরণের অভিযোগেই ওই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল।
মালির রাজধানী বামাকোর একজন কারাকর্মকর্তা বিবিসি’কে জানান, তাদের কারাগার থেকে দুই জনকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তারা হলেন: হিবা আগ অ্যাচেরিফ ও মোহাম্মদ আলি আগ ওয়াদসেন। ওই দুই বন্দি নাইজারের উদ্দেশে রওনা হয়েছেন।
ফ্রান্সের এক মন্ত্রীকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ ব্যাপারে শুধুমাত্র আলোচনা হয়েছিল।
তবে সাবেক এক সন্ত্রাস দমন বিচারক এ ব্যাপারে ফ্রেঞ্চ রেডিওকে বলেন, “অবশ্যই কোন কিছুর বিনিময়ে লেজাহেভিচকে মুক্ত করা হয়েছে। যদিও ফ্রান্সের সরকারের পক্ষ থেকে জঙ্গি মুক্তির বিনিময়ে লেজাহেভিচকে মুক্ত করার বিষয়টি বারবার অস্বীকার করা হয়ে আসছে।
বুধবার নাইজার থেকে প্যারিসে পৌঁছান লেজাহেভিচ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদঁ।
ফ্রান্স সরকার ও ওলাদঁকে ধন্যবাদ দিয়ে লেজাহেভিচ বলেন, “আমাকে মুক্ত করার জন্য তারা সবকিছু করেছেন।”
বিশ্বের আর কোথাও ফ্রান্সের কোন নাগরিক জঙ্গি সংগঠনের হাতে বন্দি নেই বলে জানান ওলাদঁ। সেই সঙ্গে ফ্রান্সের অধিবাসীদের বিপদজনক এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন তিনি।
ফ্রান্স সরকারের পক্ষ থেকে মালি ও নাইজার সরকারকে ধন্যবাদ দেয়া হয়েছে। তবে লাজাহেভিচকে মুক্তি পেলেও তার সঙ্গে বন্দি ফ্রান্সের আরেক নাগরিক ফিলিপ ভেরোঁকে হত্যার শিকার হয়েছেন।
২০১১ সালের নভেম্বরে তিম্বুকতু থেকে তাদের অপরহণ করা হয়েছিল। পশ্চিমা বিশ্বের আরো তিনজন নাগরিক মালিতে বন্দি বলে ধারণা করা হচ্ছে। তারা হলেন: সুইডেনের জোহান গুস্তাফসন, নেদারল্যান্ডেসের জাক রিকে এবং যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার দ্বৈত নাগরিক স্টেফেন ম্যালকম ম্যাকগয়ান।
