প্রধানমন্ত্রী হতে চান মালালা
পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
বুধবার নরওয়ের রাজধানী ওসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন তালেবানের হামলায় মৃত্যুর দরজা থেকে ফিরে আসা মালালা।
পুরস্কার গ্রহণের আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্যে পড়ালেখা সম্পূর্ণ করার পর পাকিস্তানে ফিরে রাজনৈতিক ক্যারিয়ার গড়তে চান তিনি। এভাবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে রাজনীতির শীর্ষস্থানে পৌঁছে যেতেও পারেন বলে জানিয়েছেন।
ভারতের শিশু অধিকার আন্দোলনকর্মী কৈলাস সত্যার্থির সঙ্গে যৌথভাবে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় মালালাকে।
মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে প্রচারণা চালানোর কারণে ২০১২ সালের অক্টোবরে মালালাকে গুলি করেছিল তালেবান বন্দুকধারীরা। মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত মালালাকে পাকিস্তানে প্রাথমিক চিকিৎসার পর যুক্তরাজ্যে নিয়ে নিবিড় চিকিৎসার মাধ্যমে বাঁচিয়ে তোলা হয়।
নোবেল শান্তি পুরুস্কার বিজয়ীদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।
ওসলোতে বিবিসির ‘হার্ডটক’ অনুষ্ঠানের সঞ্চালক স্টেফেন সাকুরকে দেয়া সাক্ষাৎকারে মালালা বলেছেন, ‘আমি আমার দেশের সেবা করতে চাই। আমাদের দেশ একদিন উন্নত রাষ্ট্র হবে এই আমার স্বপ্ন। সেখানে সব শিশু শিক্ষা পাবে এই আমার আশা।”
চলতি বছর শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই ও কৈলাস সত্যার্থি
